গঙ্গাচড়ায় সরু ব্রিজ দিয়ে ঝুঁকিপূর্ণ পারাপার

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৪৩

গঙ্গাচড়ায় মানাষ নদীর উপর নির্মিত সরু ফুট ব্রিজ দিয়ে লোকজন ঝুঁকি নিয়ে চলাচল করছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় রয়েছে।

স্থানীয়রা জানান, প্রায় দুই যুগ আগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর মানাষ নদীর উপর মর্নেয়া ইউনিয়নের শেখপাড়া এলাকায় একটি ব্রিজ নির্মাণ করে। সময়ের পরিবর্তনে যোগাযোগের ব্যাপক পরিবর্তন হলেও ব্রিজটি এখন ঝুঁকিপূর্ণ। ব্রিজটির বিভিন্ন স্থানে রেলিং ভেঙে গেছে। পলেস্তারা ও রড খসে গেছে। সরু ফুট ব্রিজ দিয়ে মর্নেয়া ইউনিয়নের তালপট্টি, হাজীরপাড়া, রামদেব, কামদেব, আলাল, ছোটরুপাই, বড়রুপাই, মৌভাষাসহ বিভিন্ন এলাকার লোকজন হারাগাছ পৌরসভা, কাউনিয়া উপজেলা ও রংপুরে যাতায়াত করে থাকে। রিকশা, ভ্যান কিংবা একটি যানবাহন চললে দ্বিতীয় কোনো যান চলাচলের জায়গা থাকে না। এ অবস্থায় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন লোকজন। এই জায়গায় নতুন একটি ব্রিজের দাবি এলাকাবাসীর।

স্থানীয় আব্দুর রউফ বলেন, ব্রিজটি পুরাতন হয়ে গেছে। পলেস্তারা ও রড খুলে গেছে। ঝুঁকি নিয়ে লোকজন চলাচল করছে। এখানে একটি বড় ব্রিজ হলে এলাকার অনেক উন্নয়ন হবে। সেই সাথে ব্যবসার প্রসার ঘটবে।

মর্নেয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোসাদ্দেক আলী আজাদ বলেন, গুরুত্বপূর্ণ ব্রিজটি খুবই ঝুঁকিপূর্ণ। ফুট ব্রিজটি সরু হওয়ায় লোকজনের যাতায়াতেও সমস্যা হচ্ছে। ঝুঁকি এড়াতে এখানে একটি নতুন ব্রিজ জরুরি দরকার।

তিনি আরও বলেন, ব্রিজের মাটি অনেক আগে পরীক্ষা করা হয়েছে। কিন্তু এখনো কোনো কাজ হচ্ছে না।

গঙ্গাচড়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী ইব্রাহিম হোসেন বলেন, ব্রিজটি ঝুঁকিপূর্ণ। এমন সরু ব্রিজ দিয়ে এখন আর লাভ নেই। দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা চিন্তা করে ব্রিজ নির্মাণ করতে হবে।