রাজধানীর সার্ক ফোয়ারা মোড় ট্রাফিক সিগন্যালে পারাপারের সময় ভ্রাম্যমাণ আদালতের হাতে আটক মোসাব্বির হোসেন অভিযোগ করেন, তিনি সিগন্যাল খোলা থাকা অবস্থায় ট্রাফিক পুলিশের পাশ দিয়ে রাস্তা পার হয়ে পান্থপথের দিকে যাওয়ার সময় কেউ পার হতে বাঁধা দেয়নি; কিন্তু রাস্তার মাঝামাঝি এসে পুলিশ তাকে আটক করে। জরিমানার টাকা দিতে ১০ মিনিট রাস্তায় রোদে দাঁড়িয়ে ছিলেন। এরপর তিনি ৫০ টাকা জরিমানা দেন। এসময় ডালি ভর্তি সবজি নিয়ে দাঁড়িয়ে থাকা কারওয়ান বাজারের মিন্তি মোবারক জানান, এক ডালি সবজি কাঁঠালবাগানে পৌঁছে দিয়ে একশ টাকা পাবেন। ট্রাফিক পুলিশের সামনে দিয়ে রাস্তা পার হওয়ার জন্য রওনা দেন; কিন্তু রাস্তার মাঝখানে একজন ট্রাফিক পুলিশ আটক করে ভ্রাম্যমাণ আদালতের কাছে নিয়ে যায়। তাকেও ৫০ টাকা জরিমানা দিতে হয়। জরিমানা পরিশোধ করে এই মিন্তি বললেন, পথচারীদের জন্য এখানে পার হওয়ার জন্য একটি আলাদা ব্যবস্থা করা উচিত। তা না হলে কাঁঠালবাগান ঢালে যেতে হলে তাদের ভীষণ কষ্ট হয়ে যায়। ভ্রাম্যমাণ আদালতের কাছে জরিমানা দেয়া ব্যক্তিদের অনেকেই সার্ক ফোয়ারা মোড়ের কাছে একটি আন্ডারপাস নির্মাণ করার দাবি জানান। ফুট ওভারব্রিজ ও আন্ডারপাস ব্যবহার না করে সড়ক পারাপারের জন্য রাজধানীর বেশ কয়েকটি স্পটে পথচারীদের জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার সকাল থেকে রূপসী বাংলা ক্রসিং, বাংলা মোটর, হোটেল সোনারগাঁও ক্রসিং ও ফার্মগেট পুলিশ বক্স ক্রসিংয়ে আইন না মেনে রাস্তা পারাপারের চেষ্টার অভিযোগে ৩৩১ জনকে ২৪ হাজার ৯৫ টাকা অর্থদণ্ড করেছে ঢাকা মহানগর পুলিশের ভ্রাম্যমাণ আদালত। এদের মধ্যে বাংলা মটরে ১৫৯ জন ও কারওয়ান বাজার সার্ক ফোয়ারা মোড়ে ১৭২ জনকে জরিমানা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম ও আব্দুল কুদ্দুস। অপরাধের ধরন অনুযায়ী ঝুঁকিপূর্ণ রাস্তা পারাপারের জন্য পথচারীদের সর্বনিম্ন ৫০ টাকা থেকে সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত জরিমানা করা হয়। এছাড়া অনেকেই জরিমানার টাকা না দিয়ে মাফ পেয়েছেন। আবার আইন না মেনে রাস্তা পারাপারের সময় পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করায় অনেককেই অভিযান শেষ না হওয়া পর্যন্ত আটকে রাখা হয়। তবে সন্ধ্যায় অভিযানশেষে তাদেরকে জরিমানা আদায় করে ছেড়ে দেয়া হয়।
ফুট ওভারব্রিজ ও আন্ডারপাস ব্যবহার না করে সড়ক পারাপারে পথচারীর সংখ্যা ব্যাপক হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটদের হিমশিম খেতে হয়েছে। কারওয়ান বাজারে দায়িত্বরত ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম জানিয়েছেন, ফুটওভার ব্রিজ ও আন্ডারপাস ব্যবহার না করা পথচারীর সংখ্যা বেশি হওয়ায় জরিমানা আদায়ে কিছুটা সমস্যা হয়েছে। এক ঘণ্টায় ৬০ জনেরও বেশি পরচারীকে জরিমানা করা হয়েছে।
