শেকৃবির তিন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি

আপডেট : ২৬ নভেম্বর ২০১৪, ০০:৫২

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের বেগম ফজিলাতুন্নেসা মুজিব হলে ছাত্রীদের সিট বণ্টনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্ট তিন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। দুই শিক্ষককে প্রভোস্ট পদ থেকে এবং একজনকে ডিনের দায়িত্ব থেকে গতকাল মঙ্গলবার অব্যাহতি দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. আনোয়ারুল ইসলাম বলেন, সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত চলাকালীন সময় তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। তদন্তের জন্য ৭ দিন সময় দেয়া হয়েছে। তবে কমিটির সদস্যরা সময় বাড়িয়ে নিতে পারবেন।

অব্যাহতি পাওয়া শিক্ষকরা হলেন: বেগম ফজিলাতুন্নেসা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক অসীম কুমার ভদ্র ও সহকারী প্রভোস্ট শরমিন চৌধুরী এবং পোস্ট গ্রাজুয়েট ডিন অধ্যাপক ড. নজরুল ইসলাম। এদিকে কৃষকরত্ন শেখ হাসিনা হলের প্রভোস্ট ড. শহীদুল ইসলামকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে ছাত্রীদের ওই হলটির দায়িত্ব দেয়া হয়েছে এবং পোস্ট গ্রাজুয়েট ডিনের দায়িত্ব পেয়েছেন উপাচার্য অধ্যাপক মো: শাদাত উল্লা।  
প্রকাশিত সংবাদের প্রতিবাদ:  গত শুক্রবার ইত্তেফাকে প্রকাশিত ‘দুই শিক্ষকের অন্তর্দ্বন্দ্বে রাতভর সংঘর্ষ, ভাঙচুর, শেকৃবিতে আহত ২০, ক্লাস-পরীক্ষা বর্জন’ শিরোনামে প্রকাশিত সংবাদের কিছু কিছু অংশের প্রতিবাদ জানিয়েছেন অধ্যাপক ড. নজরুল ইসলাম। প্রতিবাদলিপিতি তিনি বলেন, সংবাদটিতে আমার এবং শরমিন চৌধুরীর বিষয়ে যা লেখা হয়েছে তা সঠিক নয়। গত ১৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের বেগম ফজিলাতুন্নেসা মুজিব হলের প্রভোস্ট অসীম কুমার ভদ্র আমার স্ত্রী একই হলের সহকারী প্রভোস্ট শরমিন চৌধুরীকে হলের অফিস কক্ষে তালাবদ্ধ করে রাখলে খবর পেয়ে আমি ঘটনাস্থলে ছুটে যাই বলে তিনি জানান। 

প্রতিবেদকের বক্তব্য: প্রতিবেদনের সকল তথ্য প্রত্যক্ষদর্শী ও সিনিয়র শিক্ষকদের সাথে কথা বলে জানা গেছে। সংবাদে অধ্যাপক ড. নজরুল ইসলামের বক্তব্য দেয়া হয়েছে।