নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আনোয়ারুল ইসলামের ওপর শনিবার সন্ত্রাসী হামলা এবং তার শরীরে মলমূত্র ঢেলে দেওয়ার ঘটনার প্রতিবাদে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে কলেজের শিক্ষক পরিষদ ও বিসিএস সাধারণ শিক্ষা সমিতি। তিন দিনের প্রতিবাদ কর্মসূচির মধ্যে রয়েছে- তিন দিনব্যাপী কালো ব্যাজ ধারণ, পাবলিক পরীক্ষা ব্যতীত কলেজের সকল কার্যক্রম স্থগিত করে ধর্মঘট পালন, শিক্ষা মন্ত্রণালয় ডিস্ট্রিক্ট মিনিস্টার হিসেবে শিল্পমন্ত্রী, স্থানীয় এমপি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিসিএস সাধারণ শিক্ষা সমিতি জেলা পরিষদ চেয়ারম্যান, মেয়রসহ সম্ভাব্য সকল স্থানে হামলাকারীদের বিচার দাবি সংবলিত স্মারকলিপি প্রদান, মামলা অনুযায়ী দুর্বত্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা এবং তিন দিনের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে আগামী ২৭ ফেব্রুয়ারি বৃহত্তর কর্মসূচি ঘোষণা।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী প্রথম দিন রবিবার সকালে কলেজের শিক্ষক কর্মচারীরা মাথায় কালো কাপড় বেঁধে এবং বুকে কালো ব্যাজ ধারণ করে শহীদ মিনারের সামনের অবস্থান নেন। হামলার ঘটনার পর শনিবারই অধ্যক্ষ ড. আনোয়ারুল ইসলাম বাদী হয়ে নরসিংদী সদর মডেল থানায় একটি মামলা করেন। মামলায় আসামি করা হয়েছে অজ্ঞাত ৫/৬ জনকে।
