পাথরঘাটায় জমি নিয়ে বিরোধের জেরে সালিশ বৈঠকে মারামারিতে দুইপক্ষের ২৪ জন আহত হয়েছে। রবিবার দুপুরে পাথরঘাটা উপজেলার কাঠালতলী ইউনিয়নের চাইলতাতলা গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত রুস্তম আলী ও কারিমা আক্তারকে পাথরঘাটা হাসপাতাল থেকে বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বৈঠকের সালিশদার এমএ খালেক ও মোস্তফা কামাল জানান, আইউব আলী তালুকদার ও এসমাইল খানের মধ্যে জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ নিয়ে নয়বার সালিশ হলেও কোনো সমাধান হয়নি। পরে আইউব আলী বাদী হয়ে মীমাংসার জন্য বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাসানুর রহমান রিমনের কাছে দরখাস্ত করেন। বিষয়টি মীমাংসার জন্য এমপি পাথরঘাটা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার এমএ খালেকের কাছে লিখে দেয়। পরে রবিবার সকালে সালিশ বৈঠক শেষে সালিশদাররা বিরোধীয় জমিতে পরিমাপ করতে যায়। এসময় এসমাইল খানের ভাই মজিবর খানের নেতৃত্বে শতাধিক লোকজন প্রতিপক্ষের ওপর হামলা চালায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
পাথরঘাটা থানার ওসি মোঃ হানিফ সিকদার মারামারির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মারামারি নিয়ন্ত্রণের পর ঘটনাস্থল থেকে দুটি রামদা উদ্ধার করা হয়েছে। দু’পক্ষের দু’টি মামলা হয়েছে।
