ধুনটে নববধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ স্বামী পলাতক

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৫১

ধুনটে যৌতুকলোভী স্বামীর বিরুদ্ধে নববধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের নাম রেহানা আকতার সুমাইয়া (১৮)। রবিবার রাতে স্বামীর ঘর থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে ঘটনার পর থেকে স্বামী হূদয় হাসান পলাতক রয়েছে।

নিহতের বাবা সাইফুল ইসলাম ও স্থানীয়রা জানান, রেহানা আকতার সুমাইয়ার সঙ্গে সাত মাস আগে উপজেলার কৈয়াগাড়ি গ্রামের সাইদুর রহমান শামীমের ছেলে ব্যবসায়ী হূদয় হাসানের বিয়ে হয়। ওই সময় যৌতুকের কোনো শর্ত না থাকলেও হূদয় হাসানের চাপে মেয়ের বাবা একটি মোটর সাইকেলসহ প্রায় চার লাখ টাকার মালামাল দিতে বাধ্য হন। এরপরও ব্যবসার অর্থ সংকটের কারণ দেখিয়ে ২০ দিন আরো এক লাখ টাকা দাবি করে। ওই টাকা দিতে অস্বীকার করায় রবিবার বিকালে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে হূদয় হাসান।

ধুনট থানার ওসি ইসমাইল হোসেন বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া মৃত্যুর কারণ জানা সম্ভব না। মেয়েপক্ষের অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।