পুনরায় ময়নাতদন্তের জন্য লোপার লাশ কবর থেকে তোলার নির্দেশ

আপডেট : ২৬ নভেম্বর ২০১৪, ১৭:৪২



হুমায়ূন আহমেদের ধারাবাহিক নাটক ‘এইসব দিনরাত্রি’র টুনি চরিত্রের অভিনেত্রী নায়ার সুলতানা লোপার লাশ পুনরায় ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলার নির্দেশ দিয়েছে আদালত। বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম বিকাশ কুমার সাহা এ নির্দেশ দিয়েছেন।

গত অক্টোবর গুলশানে শ্বশুর বাড়িতে লোপার ঝুলন্ত লাশ উদ্ধারের পর হত্যার অভিযোগ করেন তার মা রাজিয়া সুলতানা। পরে লোপার স্বামী আল আমিনের বিরুদ্ধে মামলাও করেন তিনি। এরপর ময়নাতদন্তে লোপার মৃত্যু ‘আত্মহত্যা’ উল্লেখ করা হলে তাতে আপত্তি জানিয়ে পুনরায় ময়নাতদন্তের জন্য আদালতে যান রাজিয়া। ওই আবেদন গ্রহণ করে লোপার লাশ তুলে পুনরায় ময়নাতদন্তের ব্যবস্থা করতে ঢাকার জেলা প্রশাসককে আদালত নির্দেশ দিয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, লাশ তোলার জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষের নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন আদালত, তাতে একজন নির্বাহী হাকিমকেও রাখতে বলা হয়েছে।