যশোরে আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

আপডেট : ২৭ নভেম্বর ২০১৪, ১৫:২৮

যশোর সদর উপজেলায় শেখহাটি জামরুলতলা এলাকায় মাহফুজুর রহমান ওরফে খোকন (৪৫) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে এ ঘটনা ঘটে। খোকন ফতেপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের দফতর সম্পাদক ছিলেন। তার বাড়ি সদর উপজেলার সুলতানপুর গ্রামে। 

পুলিশ জানায়, বুধবার রাত সাড়ে আটটার দিকে খোকন ও স্থানীয় জাহাঙ্গীর হোসেন একসঙ্গে শহর থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। তারা জামরুলতলা এলাকার মোল্লা চালকলের পাশে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেলে করে পেছন থেকে গুলি করে পালিয়ে যায়। একটি গুলি খোকনের শরীরে বিদ্ধ হয়। গুরুতর অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। ঘটনার তদন্ত চলছে।