জয়পুরহাটে হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৫১

জয়পুরহাটে ভটভটি চালক গোলাম রব্বানী হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেকের ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত। জয়পুরহাটের জেলা ও দায়রা জজ বেগম মমতাজ পারভীন সোমবার এই ঘোষণা করেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হচ্ছেন ক্ষেতলাল উপজেলার হিন্দা কসবা গ্রামের দিলদার হোসেন, মোশাররফ হোসেন ও সিদ্দিক হোসেন। হিন্দাগ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে ভটভটি চালক গোলাম রব্বানীকে ২০১৩ সালের ৭ জুলাই গলা কেটে হত্যা করা হয়। পরে স্থানীয় সুনির পুকুর পাড় থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় মৃতের বাবা মোফাজ্জল হোসেন বাদী হয়ে ক্ষেতলাল থানায় একটি হত্যা মামলা করেন। পুলিশ ওই ঘটনায় আটজনকে গ্রেফতার করলেও সাজাপ্রাপ্ত তিনজন খুনের সঙ্গে জড়িত মর্মে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেন। আদালত দীর্ঘ শুনানিতে ওই মামলায় ১১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় দিলদার হোসেন, মোশাররফ হোসেন ও সিদ্দিক হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেকের ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলা থেকে পাঁচজনকে বেকসুর খালাস প্রদান করা হয়।