নোয়াখালী জেনারেল হাসপাতাল

মর্গ নেই, ছাদেই হয় লাশের ময়নাতদন্ত!

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৫২

জেলার ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে লাশের ময়নাতদন্তের জন্য স্থায়ী কোনো (মর্গ) লাশ কাটা ঘর নেই। নেই  লাশ রাখার ব্যবস্থাও।

সরেজমিনে  দেখা যায়, ময়নাতদন্তের জন্য আনা লাশ ময়লা ও অপরিচ্ছন্ন পরিবেশে হাসপাতালের ৩নং ওয়ার্ডের পাশে রাখা হয়। এতে করে বিভিন্ন দুর্ঘটনায় নিহত লাশের দুর্গন্ধ অনেক সময় ছড়িয়ে পড়ে হাসপাতাল ও পার্শ্ববর্তী এলাকায়।

জানা যায়, হাসপাতালের শুরু থেকে জেলা কারাগার সড়কের পাশে অবস্থিত একটি কাঁচা ঘরকে মর্গ হিসেবে ব্যবহার করা হতো। সে মর্গটি দীর্ঘ ১০ বছর যাবত্ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এ অবস্থায় হাসপাতালের ছাদের উপরে ত্রিপল ঘেরা দিয়ে করা হচ্ছে লাশের ময়নাতদন্ত।

হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডা. সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানান, পুরনো লাশকাটা ঘরটি ব্যবহারের অনুপযোগী হওয়ায় অস্থায়ীভাবে ছাদের উপরে লাশের ময়নাতদন্ত করা হচ্ছে। ইতোমধ্যে হাসপাতালের পেছনে নতুন করে মর্গ নির্মাণের স্থান নির্ধারণ করা হয়েছে।

নোয়াখালী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. কামরুল হাসান জানান, জেনারেল হাসপাতালের লাশকাটা ঘর নির্মাণের টেন্ডার আহ্বান করা হয়েছে। তা অনুমোদনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা হয়েছে।