গ্রামীণফোন এজেন্টকে গুলি করে ২৮ লক্ষ টাকা ছিনতাই

আপডেট : ২৭ নভেম্বর ২০১৪, ২১:১২



গোপালগঞ্জ শহরের স্বর্ণপট্রি থেকে গুলি করে গ্রামীণফোন এজেন্টের ২৮ লক্ষ টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকরীরা। দুর্বৃত্তদের গুলিতে এমএলএসএস ফেরদৌস কাজী (২২) ও সেলস এক্সিকিউটিভ কোরবান আলী কাজী (২৮) আহত হন। গুরুতর আহত ফেরদৌস কাজীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।

গ্রামীণফোনের গোপালগঞ্জ এজেন্ট অ্যাডভোকেট কাজী জিন্নাত আলী জানিয়েছেন, এ দুই কর্মচারী শহরের কলেজ রোডের গ্রামীণফোন  অফিস থেকে রিক্সা যোগে ২৮ লক্ষ টাকা ব্যাগে করে শহরের কাপড়পট্রির পূবালী ব্যাংকের শাখায় জমা দিতে যাচ্ছিলেন। মাঝপথে শহরের স্বর্ণকার পট্টি পৌঁছালে মুখোশধারী ৪/৫ জনের একদল সন্ত্রাসী গুলি করে ও পিটিয়ে টাকার ব্যাগ নিয়ে মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতালে নিয়ে যান।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, জেলার আশপাশ এলাকায় মেসেজ দিয়ে ছিনতাইকারীদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।