সরকার নিজের ক্ষমতা রক্ষায় স্বৈরাচারকে ব্যবহার করছে.... শহীদ ডা. মিলনের মা

আপডেট : ২৮ নভেম্বর ২০১৪, ০০:০৭

শহীদ ডা. শামসুল আলম মিলনের মা সেলিনা আখতার বলেছেন, দীর্ঘ সময় অতিবাহিত হলেও ডা. মিলন হত্যার বিচার হয়নি। তবে গণতান্ত্রিক সরকার নিজের ক্ষমতা রক্ষায় স্বৈরাচারকে ব্যবহার করছে। নানাভাবে আশ্রয়-প্রশ্রয় দিয়ে বড় করে তুলেছে। এর মাধ্যমেই প্রমাণিত হয়েছে জাতি হিসেবে আমরা কতটা বিবেকবর্জিত। তিনি প্রশ্ন রেখে বলেন, শহীদদের আত্মা আমাদের ক্ষমা করবে তো।

গতকাল বৃহস্পতিবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে শহীদ ডা. মিলনের ২৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মিলনের মা আরও বলেন, ডা. মিলনের স্বপ্ন ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার। কিন্তু ৯০ পরবর্তী নির্বাচিত সরকার এটা করতে ব্যর্থ  হয়েছে। জনগণের আশা-আকাঙ্ক্ষাকে ব্যর্থতায় পরিণত করেছে। সমাজে অন্যায়-অবিচার, হত্যা ও গুম বেড়েছে। দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান দুর্নীতি দমন কমিশন (দুদক) ও নির্বাচন কমিশনকে দলীয়করণ করা হয়েছে। এখনো সময় আছে, রাজনৈতিক ভেদাভেদ ভুলে দেশের স্বার্থে কাজ করার।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, স্বাধীনতার ৪২ বছর অতিক্রান্ত হলেও নির্বাচনের সাংবিধানিক পদ্ধতি গড়ে তুলতে পারিনি। এতোদিন পর ভাবতে হচ্ছে বাংলাদেশের গণতন্ত্র নিরাপদ কিনা এবং সামরিক শক্তি দ্বারা আক্রান্ত হবো কিনা। সামরিক শক্তি ও জঙ্গিবাদ মুক্ত দেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এরশাদের স্বৈরাচারী শাসনের পর দেশ গণতন্ত্রের পথে এগিয়ে যাচ্ছে। দেশে সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রক্রিয়া নিরাপদ নয়।
মিলন সংসদের সভাপতি অধ্যাপক ডা. মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, কর্নেল তাহেরের স্ত্রী লুত্ফা তাহের, অর্থনীতিবিদ অধ্যাপক ড. এম এম আকাশ, বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের সভাপতি ডা. ইকবাল আর্সনাল প্রমুখ বক্তৃতা করেন।
গণতান্ত্রিক চেতনায় রাষ্ট্র পরিচালনার আহ্বান
শ্রদ্ধা ও স্মরণে পালিত হলো শহীদ ডা. মিলন দিবস। সমাধি ও স্মৃতি বেদিতে পুষ্পার্ঘ অর্পণ, স্মরণ সভা, মিলাদ ও দোয়া মাহফিলসহ নানা আয়োজনে নব্বইয়ের গণআন্দোলনে শহীদ চিকিত্সককে স্মরণ করেছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন। সব আয়োজনেই মিলন হত্যার বিচার সম্পন্ন এবং গণতান্ত্রিক চেতনা সমুন্নত রেখে রাষ্ট্র পরিচালনার আহ্বান জানানো হয়।
শহীদ ডা. শামসুল আলম খান মিলনের ২৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ প্রাঙ্গণে মিলন সমাধিতে ফাতেহা পাঠ, বিশেষ মোনাজাত ও শ্রদ্ধার্ঘ নিবেদন করে আওয়ামী লীগ। এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, সদস্য এনামুল হক শামীম উপস্থিত ছিলেন। বিএনপির পক্ষ থেকে দলটির যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমানের নেতৃত্বে সমাধিতে পুষ্পার্ঘ অর্পণ ও ফাতেহা পাঠ করা হয়।

এছাড়া ঢাকা মেডিক্যাল কলেজ প্রাঙ্গণে মিলনের সমাধিতে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্মৃতি বেদিতে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর নেতৃত্বে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ, সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশার নেতৃত্বে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমের নেতৃত্বে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন, স্বাধীনতা চিকিত্সক পরিষদ (স্বাচিপ), ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র ইউনিয়ন, ছাত্র মৈত্রী, ছাত্র ফ্রন্ট, ছাত্র ফেডারেশনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন। ঢামেক প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ)। ঢাকায় সেগুনবাগিচায় বীর উত্তম খাজা নিজাম উদ্দিন মিলনায়তনে বঙ্গবন্ধু আদর্শ বাস্তবায়ন সংসদের উদ্যোগে অপর একটি আলোচনা সভার অনুষ্ঠিত হয়।