বঙ্গবন্ধুর নামে চেয়ার হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে

আপডেট : ২৮ নভেম্বর ২০১৪, ০০:২২

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে চেয়ার করতে যাচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়। আর সেই চেয়ার উদ্বোধনে বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানাতে চান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের শীতলতা কাটিয়ে তোলাই এই আমন্ত্রণের লক্ষ্য বলে জানা গেছে।

গত আগস্টে কলকাতা বিশ্ববিদ্যালয় আয়োজিত বঙ্গবন্ধু স্মরণানুষ্ঠানে উপাচার্য সুরঞ্জন দাস বঙ্গবন্ধুর নামাঙ্কিত একটি চেয়ার করার প্রস্তাব তুলেন। সে অনুযায়ী একটি চিঠি পাঠানো হয় মমতার দপ্তরে। ‘নবান্ন’ সূত্রে জানা গেছে, মুখ্যমন্ত্রী মমতা বান্যার্জি গত বুধবার রাতে এ ব্যাপারে ইতিবাচক সম্মতি দিয়েছেন। এছাড়া ইচ্ছে প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ওই চেয়ারের উদ্বোধন হোক।  ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে হাসিনাকে কলকাতায় আসার আমন্ত্রণ জানানোর উদ্যোগও নিয়েছেন তিনি। সম্ভব হলে আগামী ডিসেম্বরেই হাসিনাকে কলকাতায় দেখতে চান মমতা ।

প্রসঙ্গত, তিস্তার পানি বণ্টন এবং স্থল সীমান্ত চুক্তি নিয়ে গত তিন বছর ধরে বাংলাদেশ ইস্যুতে কঠোর মনোভাব নিয়ে চলছিলেন মমতা। কিন্তু সমপ্রতি তিনি নিজের সেই মনোভাব বদল করেছেন।