‘হাসিনার কিছু হলে খালেদা হুকুমের আসামি’

আপডেট : ২৮ নভেম্বর ২০১৪, ১৭:২৫

খালেদা জিয়া প্রধানমন্ত্রীকে ‘হত্যার ষড়যন্ত্র’ করছেন অভিযোগ করে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, শেখ হাসিনার ‘কিছু হলে’ দায় বিএনপি নেত্রীকেই নিতে হবে।
শুক্রবার এক আলোচনা সভায় তিনি বলেন, “সম্প্রতি খালেদা জিয়া বলেছেন, শেখ হাসিনার এমন মৃত্যু হবে ইন্না লিল্লাহ...বলার সময়ও পাবেন না। শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা করছেন খালেদা জিয়া।
খালেদা জিয়ার ছেলে বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানেরও কঠোর সমালোচনা করেন ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল।
২১ অগাস্ট গ্রেনেড হামলার আগে তারেক রহমানের নেতৃত্বে হাওয়া ভবনে বৈঠক হয়েছে মন্তব্য করে কামরুল বলেন, “তারেক রহমান জঙ্গিবাদের জনক। সে এখনো লন্ডনে বসে জঙ্গিদের মদদ দিয়ে যাচ্ছে।”
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ সভাপতি অভিনেতা ড. ইনামুল হকের সভাপতিত্বে এ আলোচনা সভায় অন্যদের মধ্যে অভিনেতা এটিএম শামসুজ্জামান, আওয়ামী লীগ নেতা শাহ আলম, বলরাম পোদ্দার ও জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা ব্ক্তব্য দেন। বিডিনিউজ২৪