দারুসসালামে অগ্নিকাণ্ডে গৃহকর্মী নিহত

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ২২:০০

রাজধানীর দারুস সালাম থানাধীন দক্ষিণ বিশিলে একটি ভবনে এসি থেকে আগুন লেগে দগ্ধ হয়ে লিজা আক্তার (১৭) নামে এক গৃহকর্মী নিহত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে দশটায় দক্ষিণ বিশিল ১৮৭নং বাসার ৫নং রোডে জোহরা গার্ডেনের ৭ নম্বর ভবনের পঞ্চম তলায় এ ঘটনা ঘটে।

দারুস সালাম থানার উপ-পরিদর্শক এসআই ইসরাফিল হোসেন জানান, ওই ভবনে এসি থেকে আগুন লেগে দগ্ধ হয়। খবর পেয়ে তাকে উদ্ধার করে সাড়ে ১১টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে রাখা হয়েছে।

তিনি আরো জানান, ঘটনার সময় বাসায় গৃহকর্তা ও গৃহকর্ত্রী কেউ ছিল না। বরগুনার আমতলী থানার ছোট নীলগঞ্জ গ্রামের নজরুল ইসলামের মেয়ে লিজা আক্তার।