গাজীপুর মহানগরের কাশিমপুরের সরদাগঞ্জ এলাকার বাড়ির পাশের পুকুর থেকে শনিবার সকালে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রিপন কাজী (২৩) স্থানীয় মালেক কাজীর ছেলে।
জয়দেবপুর থানার চক্রবর্তী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জাকির হোসেন জানান, বৃহস্পতিবার থেকে রিপন কাজী নিখোঁজ ছিলেন। বিভিন্নস্থানে খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে শুক্রবার রাতে রিপনের পরিবারের পক্ষ থেকে জয়দেবপুর থানায় একটি সাধারণ ডায়রি করা হয়। শনিবার সকালে বাড়ির পাশের পুকুরে রিপনের লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে সকাল ৮টার দিকে লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায় নি। শ্বাসরোধ করে ওই যুবককে হত্যা করা হয়েছে বলে ওই পুলিশ কর্মকর্তা প্রাথমিকভাবে ধারণা করছেন।
