ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, শ্রমিকরা যদি ঐক্যবদ্ধ থাকতো তাহলে তাদের ন্যায্য দাবিগুলো পূরণ করা সহজ হতো। সারাজীবন শ্রমিক রাজনীতি করলেও শ্রমিকদের ঐক্যবদ্ধ করতে পারিনি। ঐক্যবদ্ধ কোনো আন্দোলনই বৃথা যায় না। শ্রমিকের ঘামেই আজ সমাজ ও রাষ্ট্র উন্নতির শিখরে পৌঁছাচ্ছে। তিনি শ্রমিক-কর্মচারীদের মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন,বাংলাদেশের রাজনীতির আকাশে আজ কালো ধোঁয়া। এর জন্য শ্রমিক ও ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্রের জবাব দিতে হবে। গতকাল সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব)-এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ইনসাব-এর সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য মোজাফফর হোসেন পল্টু, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ডা. ওয়াজেদুল ইসলাম খান, সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক প্রমুখ।
