ইত্তেফাক রিপোর্ট
রাজধানীর জুরাইনে আব্দুর রাজ্জাক (৩৫) নামো এক সিএনজি অটোরিকশাচালককে এলোপাথারি কুপিয়ে জখম করে তার অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। শনিবার ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। পরে পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করে। এ ছাড়া একই দিন সকালে খিলগাঁওয়ে দুই ব্যবসায়ীর কাছ থেকে পৌনে ২ লাখ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।
হাসপাতালে আহত চালক আব্দুর রাজ্জাক জানান, ভোরে তিনি মালিবাগ বাসস্ট্যান্ডের সামনে দাঁড়িয়ে থাকার সময় দুজন লোক জুরাইনে যাওয়ার কথা বলেন। ২০০ টাকা ভাড়ায় তাদের নিয়ে জুরাইনের যাওয়ার পথে জুরাইন রেলগেটের পাশে কমিশনার গলিতে এলে তারা সিএনজি থামাতে বলেন। গাড়ি থামানোর সঙ্গে সঙ্গেই পাশ থেকে আরো দুজন লোক আসে। পরে তারা ৪ জন আমাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে অটোরিকশাটি (ঢাকা মেট্রো-থ ১৪-১৫২৬) নিয়ে পালিয়ে যায়। তার বাবার নাম ওয়াজিব মোল্লা। মালিবাগ চৌধুরীপাড়া বাজারের পাশে তিনি পরিবার নিয়ে থাকেন।
যাত্রাবাড়ী থানার এসআই রঞ্জিত দাশ জানান— সন্ধ্যা পর্যন্ত এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি।
এ দিকে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, শনিবার সকালে খিলগাঁও তালতলা সিটি করপোরেশন মার্কেটে গাজীপুর থেকে আমিনুল ইসলাম, মো. শাহীন ও আব্দুল খালেক নামের ৩ কাপড় ব্যবসায়ী আসেন মামলামাল কিনতে। এ সময় ৭-৮ জন দুর্বৃত্ত মার্কেটের পাশের গলিতে তাদের নিয়ে মারধর করে আমিনুল ইসলামের কাছ থেকে ২৫ হাজার টাকা এবং শাহীনের কাছে থাকা দেড় লাখ টাকা নিয়ে যান। এ সময় বাধা দিলে ছিনতাইকারীরা আমিনুল ইসলামের বাম হাতের বাহুতে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়। আমিনুলকে প্রথমে খিদমাহ হাসপাতাল এবং পরে বিকাল পৌনে ৫টার দিকে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।
ঢামেক পুলিশ ক্যাম্পের তত্ত্বাবধায়ক পরিদর্শক মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
