রাবিতে দুদিন ব্যাপী ‘চাকরি মেলা’ শুরু

আপডেট : ২৯ নভেম্বর ২০১৪, ১৯:২৪
 
 
 
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শনিবার থেকে দুই দিনব্যাপী ‘দ্বিতীয় সিটি ব্যাংক-আরইউসিসি জব ফেয়ার-২০১৪’ শুরু হয়েছে। সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন ফোকলোর চত্বরে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন। এতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান, ছাত্র-উপদেষ্টা প্রফেসর ছাদেকুল আরেফিন মাতিন, প্রক্টর প্রফেসর তারিকুল হাসান, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর আমজাদ হোসেন এবং ক্যারিয়ার ক্লাবের উপদেষ্টা মাজেদুল ইসলাম, আরইউসিসির প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ আবদুল্লাহ শাওন প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্টানটি সঞ্চালনা করেন আরইউসিসির সভাপতি ইমরুল কবীর খান।
মেলায় দেশের প্রায় ২০টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের (আরইউসিসি) যৌথ উদ্যোগে আয়োজিত মেলায় প্রতিষ্ঠানগুলো সরাসরি জীবনবৃত্তান্ত সংগ্রহ, চাকরির তথ্য প্রদান, সেরা চাকরি প্রার্থীদের বাছাইকরণ এবং সাক্ষাত্কার গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের নিয়োগ প্রদান করবে। মেলা উপলক্ষে ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক ১৫টি সেমিনার শনিবার বেলা ১১টা থেকে রবিবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তন ও ডিন্স কমপ্লেক্সের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হচ্ছে।