প্রিমিয়ার লিগ-টোয়েন্টি

টাই ম্যাচ ও হ্যাটট্রিকের উত্তেজনা

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ২২:০১

টি-টোয়েন্টি মানেই উত্তেজনা। ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টির প্রথম দিন বাকি তিন ম্যাচ সেই উত্তেজনা ছড়াতে পারল না। কিন্তু ফতুল্লায় এক ম্যাচেই সবকিছু দেখা গেলো। টি-টোয়েন্টি ক্রিকেটে নিজেদের অভিষেক ম্যাচে বিকেএসপি টাই করলো প্রাইম দোলেশ্বরের বিপক্ষে। এরপর সুপার ওভারে বিকেএসপি জিতল ম্যাচ। সবচে বড় কথা এ ম্যাচেই প্রাইম দোলেশ্বরের বোলার মানিক খান হ্যাটট্রিক করে বসলেন।

এ দিকে দিনের শেষ ম্যাচে আবাহনী ২৫ রানে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে।

ফতুল্লায় আগে ব্যাট করা প্রাইম দোলেশ্বর ৯ উইকেটে করেছিল ১১১ রান। টি-টোয়েন্টির বিবেচনায় বেশ সামান্য রান। তাদের ৮ ব্যাটসম্যানেরই স্কোর ছিল এক অংকে। একমাত্র মাহমুদুল হাসান ৪৩ বলে ৪১ রান করে স্কোরটা একটু ভদ্রস্থ করেছিলেন। বিকেএসপির সুমন খান ৩ উইকেট নেন।

জবাব দিতে নেমে বিকেএসপি ১৬ রানে হারিয়ে ফেলে ৪ উইকেট। আর এ পথেই হ্যাটট্রিক করে ফেলেন মানিক খান। প্রথম ওভারের শেষ দুই বলে নেন ফাহাদ ও পারভেজের উইকেট। আর নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলে নেন রাতুল খানের উইকেট। পরে শামী হোসেন ৪৫ ও আকবর আলী ৪২ রান করে জয় দেখাচ্ছিলেন বিকেএসপিকে। কিন্তু আবারও ধসের মুখে পড়ে তারা। মানিক আরও এক উইকেট নেন এবং ৪টি রান আউট হয়। ফলে ঠিক ১১১ রানেই অলআউট হয় তারা।

এরপর সুপার ওভারে বিকেএসপি করে ৬ রান। সেই ৬ রানই টপকাতে পারেনি প্রাইম দোলেশ্বর।

এ দিকে মিরপুরে আগে ব্যাট করা আবাহনী শুরুতেই দুই উইকেট হারিয়ে ফেলে ৭ রানে। এরপর সাব্বির রহমানের ৫৮, জাহিদ জাভেদের ৪৪ ও অধিনায়ক মোসাদ্দেকের ২৩ রানে তারা ৭ উইকেটে ১৫০ রান তোলে।

জবাবে ১ রানে প্রথম উইকেট হারালেও মিজানুর ৩০ রান ও ইয়াসির আলী ৪১ রান করে পথে রেখেছিলেন ব্রাদার্সকে। কিন্তু এরপর দ্রুত তারা কয়েকটা উইকেট হারিয়ে পথ হারিয়ে ফেলে।