সড়ক দুর্ঘটনায় প্রবীণ সাংবাদিক জগলুল আহমেদ চৌধুরী নিহতের ঘটনায় পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। রবিবার মানিক মিয়া অ্যভিনিউয়ে জনসচেতনতামূলক কর্যক্রম পরিদর্শন শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের এই তথ্য জানান।
বিআরটিএ পরিচালক (প্রশাসন) মশিউর রহমানকে প্রধান করে গঠিত এই কমিটিকে তিন কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন-দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, ডিএমপি ট্রাফিক বিভাগের (পশ্চিম) উপ-কমিশনার ইমতিয়াজ আহমেদ, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপরে নগর পরিকল্পনাবিদ নাহমাদুল হাসান এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ট্রাফিক নিয়ন্ত্রণ কর্মকর্তা খন্দকার মাহবুবুর রহমান।
শনিবার রাতে রাজধানীর কাওরানবাজারে সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হন জগলুল আহমেদ। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
