১০ দফা দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে সম্মিলিত মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদ । তাদের ১০ দফা দাবি মেনে নেয়ার আহ্বান জানিয়ে রবিবার বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করে ঘণ্টাব্যাপী অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ করেছে । বেলা ১১টায় শহরের মালতীনগর-বকশীবাজার সড়কে সিভিল সার্জন কার্যালয়ের সামনে এই অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ কর্মসূচি পালন করে তারা। এ সময় সড়কের উভয়পাশে শত শত যানবাহন আটকা পড়ে যানজটের সৃষ্টি হয়। একই দাবিতে এর অগেও তারা মানববন্ধন ,বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছিল ।
এরপর শিক্ষার্থীরা জেলা সিভিল সার্জন ডাঃ আফজাল হোসেন তরফদারের কাছে তাদের ১০ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি পেশ করে।
অবস্থান ধর্মঘটে সম্মিলিত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদের বগুড়া শাখার সভাপতি আইনুল হাসানসহ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
তাদের ১০ দফা দাবির মধ্যে রয়েছে ‘বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিত্সা’ অনুষদের পরিবর্তে ‘বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড’ গঠন এবং চার বছর মেয়াদি ডিপ্লোমা মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি কোর্স এর অন্তর্ভূক্ত করা, বিএসসি মেডিকেল টেকনোলজিস্ট/গ্রাজুয়েট মেডিকেল টেকনোলজিস্টদের জন্য হাসপাতাল ও চিকিত্সা শিক্ষা প্রতিষ্ঠানে প্রথম শ্রেণির পদ সৃষ্টি করা,
বগুড়ার সিভিল সার্জন ডাঃ আফজাল হোসেন তরফদার জানান, শিক্ষার্থীদের বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি না করে শান্তিপূর্ণভাবে তাদের দাবিগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছাতে বলা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুর রহমান জানান, শিক্ষার্থীরা অপ্রীতিকর কিছু ঘটায়নি। প্রায় ঘণ্টাব্যাপী অবরোধ করলেও পরে তারা স্মারকলিপি প্রদান করে ফিরে যায় ।
উল্লেখ্য,এর আগেও ১০ দফা দাবিতে চলতি মাসের ১৫ ও ২৬ নভেম্বর শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ,মানববন্ধন এবং ২৭ নভেম্বর আইএইচটি ভবনের সামনে বগুড়া- শেরপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে।
