ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টে ইংলিশ কাউন্টি ক্রিকেট ক্লাব মিডলসেক্সের হয়ে খেলার জন্য চুক্তিভুক্ত হয়েছেন এবি ডি ভিলিয়ার্স। চলতি সপ্তাহেই ক্লাবটির পক্ষ থেকে এই ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা আসবে। গত মৌসুমে ১৪ ম্যাচে মাত্র দুটিতে জয়ী হয়েছিল মিডলসেক্স। গত বছর মে মাসে ডি ভিলিয়ার্স আকস্মিকভাবেই সবধরনের ফর্মেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন। তার আগে মার্চে দক্ষিণ আফ্রিকার হয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজ খেলেছেন। ঘরের মাঠের ঐ সিরিজে দক্ষিণ আফ্রিকা ৩-১ ব্যবধানে সিরিজ জয় করে। ডি ভিলিয়ার্স ৭১.১৬ গড়ে ৪২১ রান সংগ্রহ করেছিলেন। আইসিসি বিশ্বকাপে হয়তবা আবারো তাকে দক্ষিণ আফ্রিকার জার্সি গায়ে দেখা যেতে পারে বলে একটা গুঞ্জন আছে। কিন্তু বিষয়টিতে কোনো ইতিবাচক সাড়া দেননি ডি ভিলিয়ার্স।
