দুই বাসের ফাঁকে পড়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু

আপডেট : ৩০ নভেম্বর ২০১৪, ১৯:৫৬
 
 
প্রবীণ সাংবাদিক জগলুল আহমেদ চৌধুরীর মৃত্যুর ঠিক পরের দিন আবারও সড়ক দূর্ঘটনায় মারা গেলেন একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোজাম্মেল কাঞ্চন। তবে কাঞ্চনের ঘটনাটি আরো মর্মান্তিক।
রাজধানীর মালবাগে রবিবার সকাল ৯টার দিকে রাস্তা পার হওয়ার সময় দু’টি বাসের ফাঁকে আটকা পড়েন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোজাম্মেল কাঞ্চন (২৩)। এরপর হাসপাতালে তার মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পাঁচ থেকে সাত মিনিট দু’টি বাসের মধ্যে আটকে থাকেন তিনি। তারপরও বাস দু’টির চালকদের কোন হুশ হয়নি। এরপর পথচারীরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পরে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। 
মোজাম্মেলকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান সঞ্জয় ও মাসুম নামের দুই ব্যক্তি। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মোজাম্মেলের লাশ শনাক্ত করেন তার ভগ্নিপতি মো. আলমগীর। তিনি বলেন, মোজাম্মেল আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ঢাকা ক্যাম্পাস থেকে এবার বিবিএ শেষ করেছেন। তিনি একটি প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ করতেন। কর্মস্থলে যাওয়ার সময় ওই দুর্ঘটনা ঘটে বলে তিনি জানতে পেরেছেন।
মোজাম্মেলের গ্রামের বাড়ি নোয়াখালীর মাইজদীর সেনবাগে। ঢাকার রামপুরার বনশ্রী এলাকায় তিনি থাকতেন। নিজেকে ঘটনার প্রত্যক্ষদর্শী দাবি করে সঞ্জয় বলেন, রাস্তা পার হওয়ার সময় মোজাম্মেল যাত্রীবাহী কর্ণফুলী ও দিবানিশি পরিবহন নামের দু’টি বাসের মধ্যে আটকা পড়েন। দু’টি বাসের কাচের সঙ্গে তিনি পাঁচ থেকে সাত মিনিট আটকে ছিলেন। একটি বাস সরিয়ে নেয়া হলে মোজাম্মেল নিচে পড়ে যান। অন্য পথচারীদের সহায়তায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন সঞ্জয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বলেন, কাঞ্চনের লাশ মর্গে রাখা হয়েছে। পুলিশ বাস দু’টিকে আটক করতে পারেনি।