সভাপতি বাদশা, সাধারণ সম্পাদক ইলিয়াস

আপডেট : ৩০ নভেম্বর ২০১৪, ২২:২৫



ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ২০১৫ সালের কার্যনির্বাহী কমিটি নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি সাখাওয়াত হোসেন বাদশা। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বিশেষ প্রতিনিধি ইলিয়াস হোসেন।

রবিবার সন্ধ্যা পৌনে সাতটায় ডিআরইউ নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার ও দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারোয়ার ফলাফল ঘোষণা করেন। রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউ কার্যালয়ে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

সভাপতি পদে সাখাওয়াত হোসেন বাদশা পেয়েছেন ৩৬৬ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক ইত্তেফাকের বিশেষ প্রতিনিধি জামাল উদ্দীন পেয়েছেন ৩৩৭ ভোট। সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বর্তমান সহ-সভাপতি ইন্ডিপেনডেন্টের রফিকুল ইসলাম আজাদ। তিনি পেয়েছেন ৬৪৭ ভোট।

সাধারণ সম্পাদক পদে ৪৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বিশেষ প্রতিনিধি ইলিয়াস হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিবিসি বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রাকিব হাসনাত সুমন পেয়েছেন ৩৪৬ ভোট।

যুগ্ম-সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ডেইলি স্টারের ফেরদাউস মোবারক, যিনি পেয়েছেন ৫৯৬ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে ৬৬৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আলোকিত বাংলাদেশের রিয়াজ চৌধুরী। এছাড়া প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক নয়া দিগন্তের মঈন উদ্দীন খান।

কার্যনির্বাহী সদস্য পদে প্রথম হয়েছেন এবিসি রেডিওর শাহনাজ শারমীন। এরপর পর্যায়ক্রমে সদস্য পদে  নির্বাচিত হয়েছেন দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমের সাজিদা ইসলাম পারুল, ওসমান গনি বাবুল, আরটিভির ফারুক খান, ঢাকা টাইমসের হাবিবুর রহমান, দৈনিক মানবকণ্ঠের হরলাল রায় সাগর এবং দৈনিক সংগ্রামের কামাল উদ্দীন সুমন।

এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় অর্থ সম্পাদক পদে দৈনিক নয়া দিগন্তের আশরাফুল ইসলাম, নারী বিষয়ক সম্পাদক পদে আইরীন নিয়াজী মান্না, আপ্যায়ন সম্পাদক পদে দৈনিক আমাদের অর্থনীতির আমিনুল হক ভূঁইয়া, সাংস্কৃতিক সম্পাদক পদে দৈনিক কালের কণ্ঠের আজিজুল পারভেজ, দপ্তর সম্পাদক পদে প্রাইম নিউজের মেহেদী আজাদ মাসুম ও ক্রিড়া সম্পাদক পদে বদরুল আলম খোকন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।