এবার দুই বাসের ফাঁকে আটকা পড়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু

আপডেট : ০১ ডিসেম্বর ২০১৪, ০০:৪২

প্রবীণ সাংবাদিক জগলুল আহমেদ চৌধুরীর মর্মান্তিক মৃত্যুর ঠিক পরদিন গতকাল রবিবার রাজধানীতে আবারও ঘটলো প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা। রাজধানীর মালিবাগে গতকাল সকাল ৯টার দিকে রাস্তা পার হওয়ার সময় দুই বাসের ফাঁকে আটকা পড়ে প্রাণ হারান বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোজাম্মেল কাঞ্চন (২৩)। প্রত্যক্ষদর্শীরা জানান, বেশ কয়েক মিনিট দু’টি বাসের ফাঁকে আটকে থাকেন তিনি। তারপরও বাস দু’টির চালকদের হুঁশ হয়নি।

মোজাম্মেলকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান সঞ্জয় ও মাসুম নামের দুই ব্যক্তি। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মোজাম্মেলের লাশ শনাক্ত করেন তার ভগ্নিপতি মো. আলমগীর। তিনি বলেন, মোজাম্মেল চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের ঢাকা ক্যাম্পাস থেকে এবার বিবিএ শেষ করেছেন। তিনি একটি প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ করছিলেন। কর্মস্থলে যাওয়ার সময় ওই দুর্ঘটনা ঘটে বলে তিনি জানতে পেরেছেন।

মোজাম্মেলের গ্রামের বাড়ি নোয়াখালীর মাইজদীর সেনবাগে। ঢাকার রামপুরার বনশ্রী এলাকায় তিনি থাকতেন। ঘটনার প্রত্যক্ষদর্শী দাবীদার সঞ্জয় বলেন, রাস্তা পার হওয়ার সময় মোজাম্মেল যাত্রীবাহী কর্ণফুলী ও দিবানিশি পরিবহন নামের দু’টি বাসের মধ্যে আটকা পড়েন। দু’টি বাসের কাচের সঙ্গে তিনি কয়েক মিনিট আটকে ছিলেন। পরে একটি বাস সরিয়ে নেয়া হলে মোজাম্মেল নিচে পড়ে যান। অন্য পথচারীদের সহায়তায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন সঞ্জয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হকের ভাষ্য, কাঞ্চনের লাশ মর্গে রাখা হয়েছে। পুলিশ বাস দু’টিকে আটক করতে পারেনি।