‘পাঁচ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র রক্ষা পেয়েছে’

আপডেট : ০১ ডিসেম্বর ২০১৪, ১৭:৫১
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, পাঁচ জানুয়ারির নির্বাচনের ফলেই দেশে গণতন্ত্রের ধারা নিরবচ্ছিন্ন রয়েছে। দেশ গণতন্ত্র হণনের পথ থেকে রক্ষা পেয়েছে। এ কারণে দেশে এখন উন্নয়নের ধারা সূচিত হয়েছে। জণগণ এগিয়ে যাচ্ছে সমৃদ্ধ ভবিষ্যতের দিকে। 
সোমবার বিকেলে কাজীপুরের ঢেকুরিয়া হাটে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। 
তিনি বেগম খালেদা জিয়ার উদ্দেশে বলেন, নিজের দোষে আপনার কপাল পুড়েছে। এখন আর মায়াকান্না করে লাভ নেই। অপেক্ষায় থাকুন মানুষের জন্য ভাল চিন্তা করুন, দেখুন জনগণ আপনাকে চায় কিনা। প্রধান অতিথি ঢেকুরিয়া হাটের পাশ দিয়ে মহাসড়ক ও নদীতীর সংরক্ষণ প্রকল্প কাজের দৃষ্টান্ত তুলে ধরে জানান, কাজীপুরের উন্নয়ন একমাত্র আওয়ামী লীগ ছাড়া আর কোন সরকারই করেনি। তিনি উপস্থিত জনগণকে সবসময় সমর্থন দেয়ায় ধন্যবাদ জানান। উপজেলা যুবলীগের সভাপতি লুৎফর রহমান মুকুলের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মোজাম্মেল হক বকুল সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শওকত হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী, কৃষক লীগের সাধারণ সম্পাদক দ্বীন মোহাম্মদ বাবলু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল ইসলামসহ সংশ্লিষ্ট কাজের প্রকৌশলীরা। পরে প্রধান অতিথি উপজেলার বেশ কটি উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন।