ঢাকায় সন্দেহভাজন তিন রোহিঙ্গা জঙ্গি গ্রেফতার

আপডেট : ০১ ডিসেম্বর ২০১৪, ১৯:৪৫



ভারতের বর্ধমানে বোমা বিস্ফোরণের ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিন রোহিঙ্গা জঙ্গিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার রাতে রাজধানীর লালবাগ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন - নূর হোসেন ওরফে রফিকুল ইসলাম (২৬), ইয়াসির আরাফাত (২২) এবং ওমর করিম (২৫)। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় পাঁচটি ডেটোনেটর, দুটি জেল বোমা ও ১০০ গ্রাম সাদা ও কমলা রংয়ের বিস্ফোরক জাতীয় পদার্থ।

এ ঘটনায় লালবাগ থানায় দায়ের করা দুইটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সোমবার ছয়দিনের রিমান্ডে নিয়েছে ডিবি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, মিয়ানমারের জঙ্গি সংগঠন রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও), আরাকান রোহিঙ্গা ইউনিয়ন (এআরইউ) ও নেদারল্যান্ডসভিত্তিক এনজিও গ্লোবান রেহিঙ্গা সেন্টারের (জিআরসি) সঙ্গে তাদের সংশ্লিষ্টতা রয়েছে। বিভিন্ন মাদ্রাসা এতিমখানা, এনজিও এবং এমনকি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার আড়ালে তারা এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি ) মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার  (দক্ষিণ) কৃষ্ণ পদ রায়।