বিডিডিএফএ’র খেলোয়াড় বাছাই শেষ, এবার প্রশিক্ষণ

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ২২:১৯

বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের (বিডিডিএফএ) উদ্যোগে বিভাগীয় পর্যায়ে ফুটবলার বাছাই শেষ করে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামীকাল থেকে চট্টগ্রামে প্রথম পর্যায়ের প্রশিক্ষণ শুরু হবে। পালাক্রমে অন্যান্য বিভাগেও প্রশিক্ষণ হবে বলে জানিয়েছেন অ্যাসোসিয়েশনের মহাসচিব তরফদার রুহুল আমিন। প্রায় আড়াইশ ফুটবলার বাছাই করা হয়েছে। এদের প্রশিক্ষণ দিয়ে শেখ কামাল আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে এপ্রিলে। গতকাল দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে রুহুল আমিন জানিয়েছেন খেলোয়াড়দের এমন ভাবে তৈরি করা হবে যেন তারা ক্লাব ফুটবল এবং জাতীয় দলে খেলার সুযোগ পায়। তিনি বলেন, ‘আমাদের এখানে প্রশিক্ষণ পাওয়া ফুটবলারদের নিতে পারবে ক্লাব। চুক্তিতে খেলোয়াড় ক্লাবে খেলবেন। খেলোয়াড়, তার নিজের জেলা এবং আমাদের প্রতিষ্ঠান পারিশ্রমিকের অংশ পাবে। সফটওয়্যার তৈরি করা হবে যেখানে একজন ফুটবলারের সব তথ্য দেওয়া থাকবে।’