ভারতের এক ধনাঢ্য হীরা ব্যবসায়ী রবিবার ১১১ জন পিতৃহীন মেয়ের গণ-বিয়ে দিয়েছেন। একজন মেয়েকে সৎ পাত্রস্থ করাকে ‘পুন্যের কাজ’ হিসেবে অভিহিত করেন এই মহান হৃদয়ের অধিকারী।
গণ-বিয়ে উপলক্ষে মহেশ শাভানি (৪৪) নামে এই হৃদয়বান ব্যবসায়ী এক বিরাট অনুষ্ঠানের আয়োজন করেন। এ ছাড়াও প্রত্যেক মেয়েকে তিনি কয়েক হাজার মার্কিন ডলার মূল্যের উপহার দিয়েছেন।
মহেশ জানান, এসব মেয়ের পরিবারের অর্থনৈতিক অবস্থা এতোটাই খারাপ যে, তাদের বিয়ে দেয়ার মতো আর্থিক অবস্থাও নেই। এরা তাকে পালক পিতা মনে করে।
তিনি আরো জানান, এই মেয়েদের বিবাহিত জীবন শুরু করতে প্রত্যেককে স্বর্ণালঙ্কারসহ অন্যান্য জিনিস উপহার দিয়েছেন। এগুলোর মূল্য সাড়ে চার লাখ রুপী (৭ হাজার ২৫০ মার্কিন ডলার)।
অনুষ্ঠানের আগে তিনি বলেন, ‘মেয়েরা বাবার বাড়ি থেকে যে উপহার সামগ্রী নিয়ে যায় তা আজীবন থাকে না। কিন্তু আমি তাদের আমার নাম দিয়েছি এবং আমার বাকী জীবন তাদের বাবার দায়িত্ব পালন করে যাবো।’
গুজরাটের একটি স্কুলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তিনি বলেন, ‘এটা অত্যন্ত মর্মান্তিক ঘটনা যে, ২০০৮ সালে আমার এক কর্মচারী তার দুই মেয়ের বিয়ের মাত্র ১২ দিন আগে মারা যান। তার পরিবারের জন্য তখন বিয়ের আয়োজন করা খুবই কষ্টকর হয়ে পড়ে।’
তিনি আরো বলেন, ‘তখন আমি তাদের পালক বাবা হয়ে তাদের বিয়ের ব্যবস্থা করার সিদ্ধান্ত নেই। এভাবেই এটা শুরু হয়।’
মহেশ জানান, তিনি ২০০৮ সাল থেকে গণবিয়ের এই দাতব্য কর্মসূচির আয়োজন করে আসছেন। এ পর্যন্ত তিনি হতদরিদ্র পরিবারের ২৫১ জন মেয়েকে বিয়ে দিয়েছেন। এএফপি
