চকবাজার ট্র্যাজেডিতে জাতীয় প্রেস ক্লাবে শোক প্রস্তাব গৃহীত

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ২২:২২

গতকাল সোমবার জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভায় চকবাজার ট্র্যাজেডিতে হতাহতের ঘটনায় গভীর শোক ও শ্রদ্ধা এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়। প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক মাঈনুল আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় ব্যবস্থাপনা কমিটির সভায় নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সরকার ঘোষিত রাষ্ট্রীয় শোক দিবস পালনের অংশ হিসাবে ক্লাব প্রাঙ্গণে জাতীয় ও ক্লাব পতাকা অর্ধনমিত রাখা হয়। ২০ ফেব্রুয়ারি রাতে রাজধানীর চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণে গভীর শোক ও সমবেদনা জানিয়ে ক্লাব সভাপতি সাইফুল আলম বলেন, এই শোকের ঘটনায় সারা জাতির সঙ্গে আমরা একাত্মতা প্রকাশ করছি। সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন বলেন, এ ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সংশ্লিষ্ট সকল মহলকে সজাগ থাকতে হবে। তারা এই ঘটনার দ্রুত তদন্ত এবং অপরাধীদের বিচারের আওতায় আনার দাবি জানান।