আড়াইহাজারে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে পুড়ে গেছে একটি ঘর। গতকাল সোমবার বিকালে উপজেলার হাইজাদী ইউনিয়নের ইলমদী গ্রামের পল্লী চিকিত্সক সামসুজ্জামানের বাড়ীতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
গৃহকর্তা সামসুজ্জামান জানান, বিকাল ৩টার দিকে তার বসতঘরে হঠাত্ আগুনের সূত্রপাত হয়ে আগুনের লেলিহান শিখা আস্তে আস্তে পুরো ঘরে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় জনতা ও ফায়ার সার্ভিসের কর্মীরা ১ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হন। এর মধ্যেই পুড়ে গেছে পুরো ঘর। তাত্ক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। বসতঘর হারিয়ে অসহায় হয়ে পড়েছে সামসুজ্জামানের পুরো পরিবার।
আড়াইহাজার ফায়ার সার্ভিসের ইনচার্জ রণজিত্ কুমার সাহা বলেন, ধারণা করা হচ্ছে- গ্যাসের সিলিন্ডার থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
