বাড্ডায় বাসের ধাক্কায় আইইউবি ছাত্রের মৃত্যু

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৪, ২১:৩৯
 
রাজধানীর মেরুল বাড্ডায় যাত্রীবাহী বাসের ধাক্কায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী মারা গেছেন। তার নাম সাদী মোর্শেদ (২০)। তিনি বেসরকারি ইন্ডিপেন্ডেন্ট ইউনির্ভাসিটি অব বাংলাদেশের (আইইউবি) শিক্ষার্থী।
 মঙ্গলবার সে বিশ্ববিদ্যালয় থেকে ফেরার পথে মেরুল বাড্ডার এশিয়া হাসপাতাল সংলগ্ন সড়কে ‍এ দুর্ঘটনা শিকার হয়।
নিহতের পরিবারের সদস্যরা জানান, সাদী বিকালে বিশ্ববিদ্যালয়ে ক্লাস শেষে মোটর সাইকেলে করে বাসায় ফিরছিলেন। মেরুল বাড্ডার এশিয়া হাসপাতালের সামনে পৌছালে যাত্রীবাহী ফাল্গুন পরিবহনের একটি বাস তার মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে সে রাস্তায় ছিটকে পরে গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় পথচারীরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন। বাড্ডা থানা পুলিশ জানিয়েছে, ঘাতক ফাল্গুন পরিবহনের বাসটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।
জানা গেছে, সাদী মোর্শেদ ইন্ডিপেন্ডেন্ট ইউনির্ভাসিটি অব বাংলাদেশের (আইইউবি) বিবিএ ২য় সেমিস্টারের শিক্ষার্থী। তার বাবার নাম এসএম আলম। তারা সপরিবারে ৪২ নম্বর উত্তর কমলাপুরে থাকেন।