শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হয়ে হ্যাটট্রিক করবেন---------------মোহাম্মদ নাসিম

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৪, ২৩:৫৪

নাটোর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন ও প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ২০১৯ সালের সংসদ নির্বাচনে শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হয়ে নাটোরের ছেলে তাইজুল ইসলামের মতো হ্যাট্রিক করবেন। তিনি বলেন, আন্দোলনের নামে চক্রান্ত করলে খালেদা জিয়ার কালো হাত ভেঙ্গে দেয়া হবে। তিনি বলেন, আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখাবেন না। আন্দোলন কাকে বলে আওয়ামী লীগের চাইতে ভালো আর কেউ জানে না। ৫ জানুয়ারির নির্বাচনে ডাকা হয়েছিল আসেন নাই। ২০১৯ সালের আগে আর কোন সংলাপ বা নির্বাচন হবে না। সে সময় সংলাপ হলেও বিএনপির সাথে হবে না।

শহরের কানাইখালী মাঠে মঙ্গলবার দিনব্যাপী জেলা আওয়ামী লীগ আয়োজিত ত্রি-বার্ষিক এই সম্মেলনে সভাপতিত্ব করেন নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোঃ সাজেদুর রহমান খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর কবির নানক এমপি, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক লেঃ কর্নেল ফারুক খান (অবঃ) এমপি, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি ও খালিদ মাহমুদ চৌধুরী এমপি, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি, বস্ত্র প্রতিমন্ত্রী মীর্জা আজম এমপি, কার্যনির্বাহী সদস্য মোঃ আব্দুর রহমান এমপি প্রমুখ।