রিমান্ডে দাউদ মার্চেন্ট

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৪, ২০:০৯
ভারতের সঙ্গীত পরিচালক গুলশান কুমার হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আব্দুর রউফ দাউদ মার্চেন্টকে তিন দিনের রিমান্ড দিয়েছে আদালত। বুধবার মহানগর হাকিম নুরু মিয়া শুনানি শেষে এই আদেশ দেন।
এর আগে গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক গোলাম রসুল ৫৪ ধারায় সন্দেহভাজন হিসাবে গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। 
অন্যদিকে দাউদের পে জামিনের আবেদন করেন অ্যাডভোকেট হেমায়েত উদ্দিন হিরণ। আদালত জামিন আবেদন নাকোচ করে দেয়।
সোমবার কাশিমপুর কারাগার থেকে মুক্তির পর ভোররাতে রাজধানীর খিলগাঁও এলাকা থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
মুম্বাইয়ের সঙ্গীত প্রযোজনা প্রতিষ্ঠান টি-সিরিজের স্বত্বাধিকারী গুলশান কুমার ১৯৯৭ সালের ১২ আগস্ট আন্ধেরি এলাকার একটি মন্দির থেকে বের হবার সময় সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে। এ ঘটনায় ২০০১ সালে গ্রেফতার হন ভাড়াটিয়া খুনি দাউদ মার্চেন্ট। ২০০২ সালে আদালত তাকে যাবজ্জীবন সাজা প্রদান করে। রায়ের বিরুদ্ধে আপিল করে দাউদ। এরপর ২০০৯ সালে মায়ের মৃত্যুর কারণে ১৪ দিনের জন্য প্যারোলে মুক্তি পাওয়ার পর পালিয়ে যান। আর ঐ বছরের ২৮ মে বাংলাদেশের  ব্রাহ্মণবাড়িয়া মুড়ালিপাড়া থেকে এক সহযোগীসহ তাকে গ্রেফতার করে বাংলাদেশের পুলিশ। পাসপোর্ট আইনে একটি মামলাও হয়।