যশোরে আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা শুরু

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৪, ১৬:৫১
 
 টাউন হল ময়দানে তিন দিনব্যাপী প্রথম আন্তর্জাতিক কৃষি মেলা শুরু হয়েছে। বুধবার মেলার দ্বিতীয় দিন। আগামী বৃহস্পতিবার মেলা শেষ হবে।
গতকাল মঙ্গলবার সকাল ১১টায় যশোরের জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন।
এগ্রো-ইনপুটস রিটেইলারস নেটওয়ার্ক (এআইআরএন) ও ইউএসআইডি এগ্রো ইনপুটস প্রজেক্টের সহযোগিতায় এ মেলার আয়োজন করা হয়েছে।
মেলায় দেশি-বিদেশি প্রায় ১০০টি স্টলে গুণগতমানের বীজ, সার, কীটনাশক, মৎস্যখাদ্য, পশুপাখি পালন বিষয়ে নতুন প্রযুক্তি ও কৃষির বিভিন্ন যন্ত্রপাতি প্রদর্শিত হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক নাসির উদ্দিন খান, ইউএসআইডির এগ্রো ইনপুটস প্রজেক্টের চিফ অব পার্টি মার্ক ট্রেসি।
ইউএসআইডির এগ্রো ইনপুটস প্রজেক্টের (এআইপি) কমিউনিকেশন্স ডাইরেক্টর অর্পনা ঘোষ বাসসকে জানান, মেলা চলাকালীন প্রতিদিন বিকেলে ‘আমাদের সবুজ ভবিষ্যৎ : বেশি খাদ্য উৎপাদনে পরিবেশ বান্ধব, গুণগত মানের কৃষি উপকরণ ব্যবহার’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। এ সেমিনারে সরকার, বীজ, সার ও কীটনাশকের এসোসিয়েশন ও বেসরকারি উন্নয়ন সংস্থার বিশেষজ্ঞগণ নতুন উদ্ভাবন ও আধুনিক প্রযুক্তি বিষয়ে আলোচনা করবেন।