বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে জাতিসংঘ আয়োজিত সেমিনারে গ্লোবাল অটিজম পাবলিক হেলথ ইনিশিয়েটিভ ইন বাংলাদেশের জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ হোসেন পুতুল বলেছেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়।
স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরের কনফারেন্স রুম-৮ প্রতিবন্ধী বিষয়ক আন্তর্জাতিক সেমিনারে প্যানেল আলোচক হিসাবে তিনি এ কথা বলেন।
পুতুল বলেন, প্রতিবন্ধীরা আমাদেরই সন্তান। তাদের অবহেলার দৃষ্টিতে দেখার কোন সুযোগ নেই। শারীরিক ও মানসিক প্রতিবন্ধীদের পাশে মানবিক দৃষ্টিতে সহানুভূতি নিয়ে দাঁড়ালে তারাও জীবনে ঘুরে দাঁড়াতে পারেন। প্রতিবন্ধীদের সাধারণ মানুষের মতো বাঁচার অধিকার রয়েছে। তাদের সমস্যা দূরীকরণে পারিবারিক পর্যায় থেকে শুরু করে আন্তর্জাতিক মহলের বিশেষ মনোযোগই মূল হাতিয়ার। তিনি বলেন, শারিরিক ও মানসিক প্রতিবন্ধীকে কোন রকম হেলা না করে তাকে সহযোগিতা করতে হবে। প্রতিবন্ধীদের পুনর্বাসনে বিত্তবান-হৃদয়বান বিশ্ববাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন তিনি।
অনুষ্ঠানে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ. কে. আব্দুল মোমেনসহ বিভিন্ন দেশের স্থায়ী প্রতিনিধি, রাষ্ট্রদূত ও কূটনীতিকরা উপস্থিত ছিলেন।
সেমিনারে সায়মা ওয়াজেদ হোসেন ডিজএ্যাবল লোকদের পুনর্বাসনে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপের কথা তুলে ধরেন।
অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন জাতিসংঘের ‘সেক্রেটারিয়েট ফর দি কনভেনশান অন দি রাইটস অব পারসনস উইথ ডিজএ্যাবিলিটিজ’ এর চিফ আকিকো ইটো। অনুষ্ঠানে সায়মা ওয়াজেদ হোসেন পুতুল ছাড়াও প্যানেল আলোচক ছিলেন আর্জেন্টিনার স্থায়ী প্রতিনিধি মারিয়া ক্রিস্টিনা পার্সেভাল, জাতিসংঘ গ্লোবাল হেলথ এর কো-অর্ডিনেটর ড. আটসুরো সুটসুমী প্রমুখ।
অনুষ্ঠানে সায়মা ওয়াজেদ হোসেন পুতুল উপস্থিত সুধীজনের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এসময় সঞ্চালক আকিকো ইটো অটিজম আন্দোলনে সায়মা ওয়াজেদের প্রশংসা করেন।
