নালিশ করাই বিএনপির রাজনীতি ----ওবায়দুল কাদের

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৪৮

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘নালিশ করাই বিএনপির রাজনীতি। তারা শুধু নালিশই করতে পারে, সব বিষয়ে নাক গলায়। সোমবার সকাল বেলা ঝড়-বৃষ্টি হয়েছে সেটাও পারলে বিএনপি বলবে আওয়ামী লীগ সরকার জড়িত। ‘চকবাজার অগ্নিকাণ্ডের সাথে পিলখানা হত্যাকাণ্ডের যোগসূত্র আছে’ মর্মে ঐক্যফ্রন্ট নেতাদের বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের উল্লিখিত কথা বলেন।

গতকাল সোমবার রাজধানীর খামারবাড়ি মেট্রোরেলের স্ক্রু-পাইলিংয়ের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের আরো বলেন, পিলখানার ঘটনায় এতো আসামি ও সাক্ষী, তারপরেও বিচার কাজ সম্পন্ন হয়েছে। এই বিচার নিয়ে দেশ-বিদেশে কোথাও সমালোচনা কিংবা অভিযোগ নেই। অভিযোগ শুধু বিএনপির। তারা রাজনৈতিক কারণে পিলখানা হত্যাকাণ্ডের বিচার নিয়ে প্রশ্ন তুলছে। পিলখানা হত্যার বিচারকার্য ইতিহাসে বিরল। আরেক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, চকবাজারের ঘটনা নিয়ে আমরা দায় এড়াতে পারি না বলেই সরকারের কাজ সরকার করে যাচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী হতাহতদের জন্য যথাযথ ব্যবস্থা নেয়া হচ্ছে। সেই সঙ্গে পুরান ঢাকা থেকে ঝুঁকিপূর্ণ কেমিক্যাল সরানো হচ্ছে।