রাজধানীর উত্তরায় এক হাজার পিস ইয়াবাসহ দুই স্কুলছাত্রকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে আব্দুল্লাহপুর এলাকায় পুলিশ চেকপোস্ট বসিয়ে উত্তরা র্পূব থানা পুলিশ তাদের আটক করে।
আটককৃতরা হলো— টাঙ্গাইলের সদর উপজেলার আনোয়ার হোসেনের ছেলে শুভ (১৪) ও একই এলাকার রজব আলির ছেলে রুবেল (১০)। শুভ স্থানীয় খাসকাকুয়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র এবং রুবেল দেলদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।
আব্দুল্লাহপুর পুলিশ চেকপোষ্ট দায়িত্বরত এসআই অনুপম চন্দ্র বিশ্বাস জানান, বৃহস্পতিবার ভোর পৌনে ৬টার দিকে দুইজন স্কুলছাত্র সু-কৌশলে শরীরে কালো স্কচটেপ পেচিয়ে ইয়াবাগুলো নিয়ে যাচ্ছিল। এ সময় তাদের শরীর তল্লাশি করে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, প্রাথমিকভাবে জানা যায়, একই গ্রামের জামালের ছেলে ইব্রাহীম ইয়াবাগুলো বিক্রি করার জন্য নিয়ে আসে।
উত্তরা পূর্ব থানার অফিসার ইনচার্জ আলি হোসেন জানান, এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।
