মির্জাপুরে ৫ নারী আটকে পুলিশ ফাঁড়ি ঘেরাও

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৪, ০০:৪০

‘বিনা অপরাধে’ ৫ নারীকে আটক করে থানায় নিয়ে এসে হুমকি-ভয়ভীতি দেখানোর প্রতিবাদে স্থানীয়রা পুলিশ ফাঁড়ি ঘেরাও করে অভিযুক্ত পুলিশ অফিসার নূর ইসলামকে প্রত্যাহারের দাবি জানিয়েছে।  মির্জাপুর উপজেলার বাঁশতৈল পুলিশ ফাঁড়িতে গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাঁশতৈল ইউনিয়নের আমড়াতৈলপাড়া গ্রামের প্রবাসী আমিনুরের স্ত্রী তাসলিমা আক্তার সমপ্রতি শ্বশুর-শাশুড়ি ও তার স্বামীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার(সার্কেল) এসপি বরাবর লিখিত অভিযোগ দেন। এ অভিযোগের তদন্ত করতে বাঁশতৈল ফাঁড়ির ইনচার্জ এস আই মোহাম্মদ নূর ইসলাম গত বুধবার বিকালে ওই গ্রামে যান।
এ সময় গ্রামের ফাহিমা বেগম(৩৫), শিরিন বেগম(৩০), জরিনা বেগম(৪০), নার্গিস বেগম(২৯) এবং ফরিদা বেগমকে (৩৫) আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য তাদের বাঁশতৈল পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়। এ সময় তাদের হুমকি ও ভয়ভীতি দেখানো হয় বলে জানা গেছে। পরে বুধবার রাতেই আটককৃতদের ছেড়ে দেয়া হয়।

তবে বাঁশতৈল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ নূর ইসলাম অভিযোগ অস্বীকার করে সাংবাদিকদের বলেন, তাসলিমা বেগমের লিখিত অভিযোগের পর তাদের জিজ্ঞাসাবাদের জন্য ফাঁড়িতে আনা হয়েছিল। মির্জাপুর থানার ওসি মো. আব্দুর রশিদ বলেন, গৃহবধূ তাসলিমা বেগমের আবেদনের পর সার্কেল এসপির নির্দেশে এস আই নূর ইসলাম অভিযুক্ত মহিলাদের নিয়ে শুধু জিজ্ঞাসাবাদের জন্য ফাঁড়িতে এনেছিল।