দুই চিকিত্সক ও পুলিশ কর্মকর্তাসহ নিহত ১১

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৫৬

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছে। এরমধ্যে খুলনায় দুই চিকিত্সক ও ঢাকার আশুলিয়ায় পুলিশের এক এএসআই রয়েছেন। নিজস্ব প্রতিবেদক, ব্যুরো অফিস ও প্রতিনিধিদের পাঠানো খবর—

খুলনা: গতকাল বিকালে ফুলতলা উপজেলার খুলনা-যশোর মহাসড়কের বেজেরডাঙ্গার রাঢ়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে গড়াই পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষে প্রাইভেটকারের তিনজন নিহত হয়েছেন। এরা হলেন— প্রাইভেটকারের যাত্রী ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহাদাত্ হোসেন (৬২) ও ডা. মোয়াজ্জেম (৬০), চালক জাহাঙ্গীর (৩৭)। ডা. শাহাদাত্ খুলনা নগরীর সোনাডাঙ্গা করিম নগরের ও ডা. মোয়াজ্জেম সাউথ সেন্ট্রাল রোডের বাসিন্দা। চালক জাহাঙ্গীর নগরীর উত্তর মুজগন্নী এলাকার মাহাবুবুর রহমানের ছেলে। ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। অপরদিকে, একইদিন ডুমুরিয়া উপজেলার       চুকনগর-যশোর সড়কের নরনিয়ায় সড়ক দুর্ঘটনায় জাহিদুল ইসলাম নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হন। জাহিদুল যশোরের কেশবপুর উপজেলার ভরত ভায়না ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের সহকারী ছিলেন। পুলিশ সুপার মোঃ আনিছুর রহমান (জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারের দায়িত্বে) বিষয়টি নিশ্চিত করেন।

সাভার (ঢাকা): উপজেলার আশুলিয়ায় রড বোঝাই একটি ট্রাকের সঙ্গে পুলিশ ভ্যানের সংঘর্ষে জসিম উদ্দিন (২৮) নামে আশুলিয়া থানার এক এএসআই নিহত ও তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। গতকাল ভোর চারটার দিকে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের নরসিংহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জসিম উদ্দিন মাদারীপুর জেলার সদর থানার বামনদি গ্রামের মোকছেদ মিয়ার ছেলে। তিনি ২০১৭ সালের জুনে আশুলিয়া থানায় এএসআই হিসেবে যোগদান করেন। আহতরা হলেন— পুলিশ ভ্যানের চালক দুলাল মিয়া, কনস্টেবল নাজমুল হুদা এবং অনিক আহমেদ। ওসি শেখ রিজাউল হক দিপু এ তথ্য জানিয়েছেন।

সাতক্ষীরা: সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় আফসার সরদার (৩৫) নামে এক  মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী আরো দুজন। রবিবার গভীর রাতে শহরের চায়না বাংলা শপিং কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে। আফসার সরদার আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের আরশাদ সরদারের ছেলে।

কুমিল্লা ও দাউদকান্দি: কুমিল্লার দাউদকান্দিতে ফেনীগামী যাত্রীসেবা পরিবহনের একটি বাস মিনিবাসকে পেছন থেকে ধাক্কা দিয়ে খাদে পড়ে যায়। এতে দেলোয়ার হোসেন (৩৮) ও সুজন দেবনাথ (২০) নামে দুই বাসযাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ৩৫ জন। গতকাল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রায়পুর (দীঘিরপাড়) এলাকায় এ ঘটনা ঘটে। দাউদকান্দি উপজেলার ছিনামুড়া গ্রামের উত্তম দেবনাথের ছেলে সুজন দেবনাথ ও মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার জামালদি গ্রামের নাজিম উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন।

কিশোরগঞ্জ: গতকাল কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার অষ্টগ্রাম-বাজিতপুর সড়কে বাহেরখালের নিকট মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নসু ভুঁইয়া (৬০) নামে মোটরসাইকেলের এক যাত্রী নিহত হন। তার বাড়ি উপজেলার মধ্য অষ্টগ্রাম-কলাপাড়া গ্রামে।

সিলেট: সিলেট-জকিগঞ্জ সড়কের কটালপুরে গতকাল সিলেটগামী একটি যাত্রীবাহী বাস (সিলেট-জ ১১-০৫৯০) খাদে পড়ে এক শিশু নিহত ও কমপক্ষে ৩০ জন আহত হয়েছে।  নিহত তাসমিয়া বেগম (৬) উপজেলার কাজলসার ইউনিয়নের নিলাম্বরপুর গ্রামের ছমির আলীর মেয়ে। সে নিলাম্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ম শ্রেণির ছাত্রী। এদিকে একইদিন গোলাপগঞ্জে অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে সুমন আহমদ (২৬) নামে এক অটোচালক নিহত হয়েছে। তিনি উপজেলার বাঘা ইউনিয়নের এখলাছপুর গ্রামের বাসিন্দা।

ফুলবাড়ীয়া (ময়মনসিংহ): গতকাল ফুলবাড়ীয়া-কেশরগঞ্জ সড়কে রাস্তা পার হওয়ার সময় গাড়াবেড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থীসহ তিনজন আহত হয়েছে। গুরুতর আহত শিক্ষার্থী মিনহাজকে (৫) ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।