ডাকসু নির্বাচন

আবেদনকারীর আবেদন ২৪ ঘণ্টার মধ্যে নিষ্পত্তির নির্দেশ

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৫৬

ডাকসু নির্বাচনের তফসিল স্থগিত করেনি হাইকোর্ট। তবে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত চেয়ে রিটকারীর আবেদনটি ২৪ ঘণ্টার মধ্যে নিষ্পত্তি করতে রিটার্নিং অফিসারকে নির্দেশ দিয়েছে আদালত। একইসঙ্গে আইনানুযায়ী যোগ্য হলে তাকে প্রার্থী হওয়ার সুযোগ দিতে বলা হয়েছে। বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল সোমবার এই আদেশ দেন।  ভোটার না করায় ডাকসু ও হল সংসদ নির্বাচনে ঘোষিত তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন দায়ের করেন ছাত্রদল নেত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ফাহমিদা মজিদ।

এ রিটের শুনানিতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, রিটকারী উদ্দেশ্য ভোটার হওয়া নয়, নির্বাচন বন্ধ করা। যখন ভোটার তালিকা প্রকাশ করা হয় তখন নাম না থাকায় আপত্তি দিতে পারতেন। কিন্তু সেই প্রক্রিয়ায় যায়নি। তিনি বলেন,   রিটকারী দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এতে আদু ভাইয়ের গল্প মনে পড়ে, যে কিনা একই ক্লাসে ৬/৭ বছর থাকতো। এ পর্যায়ে রিটকারীর আইনজীবী রুহুল কুদ্দুস কাজল বলেন, সুলতান মোহাম্মদ মনসুর ৪৭ বছর বয়সে ডাকসু ভিপি হয়েছেন। শুনানি শেষে হাইকোর্ট উপরোক্ত আদেশ দেয়।

প্রসঙ্গত গত ১১ ফেব্রুয়ারি ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী ১১ মার্চ এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।