কাশ্মীরে জঙ্গি হামলায় ৭ সেনা সদস্যসহ নিহত ১৫

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৪, ১৭:১৯



ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে তৃতীয় দফা নির্বাচনের আগে শুক্রবার এক সেনা ছাউনিতে জঙ্গিদের হামলায় সাত সৈন্য ও তিন পুলিশসহ ১৫ জন নিহত হয়েছে।
ভারতীয় সেনাবাহিনী সূত্র জানায়, শুক্রবার সকালে উত্তর কাশ্মীরের বারামুলার কাছে নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে জঙ্গিদের পাঁচ-ছয় জনের একটি দল ভারতের অভ্যন্তরে ঢুকে পড়ে। জঙ্গিরা উরি সেক্টরের ৩১ নম্বর রেজিমেন্টের মোহরা ক্যাম্প লক্ষ্য করে অতর্কিতে গুলি চালাতে থাক। সেনাসদস্যরাও গুলি ছুঁড়ে পাল্টা জবাব দেয়। উভয় পক্ষের গোলাগুলির সময় সাত সৈন্য ও তিন পুলিশ এবং ৫ জঙ্গি নিহত হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত দু’পক্ষের মধ্যে সংঘর্ষ চলছিল।
সেনাবাহিনীর এক সদস্য জানান, ওই এলাকায় আরও জঙ্গিদের লুকিয়ে থাকার আশঙ্কায় তল্লাশি অভিযান শুরু হয়েছে। পাকিস্তানের অধিকৃত কাশ্মীরের উপত্যকা পেরিয়েই এই জঙ্গি দলটি ভারতে অনুপ্রবেশ করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এক টুইটার বার্তায় বলেন, ‘রাজ্যের শান্তি-শৃঙ্খলা নস্যাৎ করতে জঙ্গিরা মরিয়া হয়ে উঠেছে। আর এ কারণেই তারা হামলা চালাচ্ছে।’
গত মাসেই জম্মুর আরনিয়া সেক্টরেও জঙ্গিরা হামলা চালিয়েছিল। এ সময় চার জঙ্গিসহ মোট ১০ জন নিহত হয়েছিল। নিহতদের মধ্যে তিন সেনা জওয়ান ছিলেন। রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচন চলাকালীনও জঙ্গি হামলা হয় কাশ্মীরের কুপওয়ারায়। এ সময় পাঁচ জঙ্গি ও এক সেনা সদস্য নিহত হয়।
আগামী ৯ ডিসেম্বর কাশ্মীরে অনুষ্ঠিত হবে তৃতীয় দফা নির্বাচন। এর আগে রোববার সেখানে নির্বাচনী প্রচারণা চালাবেন ক্ষমতাসীন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর সফরের আগে জঙ্গি হামলা নির্বাচনকে বানচাল করারই ষড়যন্ত্র বলে মনে করছে সেনাদের একাংশ।
প্রশাসন সূত্র জানায়, গোটা রাজ্যজুড়ে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। বারামুলা থেকে উরি যাওয়ার রাস্তাগুলো বন্ধ করে দেয়া হয়েছে।