রাজউকের ওপর আল্লাহর অভিশাপ রয়েছে ---------- কামাল আহমেদ

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৫৬

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ওপর আল্লাহর অভিশাপ রয়েছে বলে মন্তব্য করেছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। তিনি বলেছেন, ঢাকা শহর বসবাসের অনুপযোগী হয়ে পড়ার জন্য দায়ী রাজউক। পুরান ঢাকার চকবাজারে অগ্নিকাণ্ডের পর আশুকরণীয় বিষয়ে গতকাল সোমবার শিল্প মন্ত্রণালয় আয়োজিত এক বৈঠকে প্রতিমন্ত্রী এ কথা বলেন। এ সময় রাজউকসহ সরকারের বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

রাজধানীর মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরু থেকে সাংবাদিকদের থাকতে দেওয়া না হলেও শেষ পর্যায়ে বৈঠকে ঢোকার অনুমোদন দেওয়া হয়। সে সময় বক্তব্য রাখছিলেন কামাল আহমেদ মজুমদার। পাশে ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

পুরান ঢাকা থেকে রাসায়নিক গোডাউন সরানোর বিষয়ে কথা বলতে বলতে কামাল আহমেদ মজুমদার রাজউকের প্রসঙ্গে চলে যান। তিনি বলেন, রাজউক ২০ ফুট রাস্তার পাশে ১৪-১৫ তলা ভবনের অনুমোদন কীভাবে দেয়। তারা (রাজউক) পরিকল্পনায় রাস্তার প্রশস্ততা রাখে এক রকম। পরে অর্থনৈতিক সুবিধা পেলে রাস্তা সরু করে ফেলে। অফিসে বসে বিভিন্ন অনুমোদন দেওয়া হয় বলেও মন্তব্য করেন তিনি।

প্রতিমন্ত্রী অভিশাপের কথা বলেন রাজউকের জমি অধিগ্রহণের বিপরীতে প্লট বুঝিয়ে দেওয়ার কথা বলতে গিয়ে। তিনি বলেন, রাজউক আবাসন প্রকল্প করার জন্য মানুষের শত শত বিঘা জমি অধিগ্রহণ করে। কিন্তু শর্তানুযায়ী অধিগ্রহণ করা জমির মালিকদের যে প্লট দেওয়ার কথা, সেটা অনেক ক্ষেত্রেই দেয়নি। মানুষগুলো যুগের পর যুগ ঘুরছে।

অনুষ্ঠানে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, সরকার ছয় মাসের মধ্যে রাসায়নিক পল্লীর জমি তৈরি করে দেবে।