মেয়াদোত্তীর্ণ বিপুল পরিমাণ মাংস, মাছ ও ফল উদ্ধার

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৫৭

রাজধানীর তেজগাঁও-নাবিস্কো এলাকার একটি হিমাগারে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ৮শ’ মণ দুম্বা ও মহিষের মাংস, ১২শ’ মণ খেজুর, ১শ’ মণ কিছমিছ, বিপুল পরিমাণ আচার, রূপচান্দা মাছ, চিংড়ি মাছ, মাখন, কিউই ফল ইত্যাদি জব্দ করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত র্যাব-২ এর একটি দল ১৯২ তেজগাঁও, শিকাজু ইঞ্জিনিয়ার্স ওয়ার্কস এর হিমাগারে অভিযান শুরু করে। দেশ এন্টারপ্রাইজের নামে এসব পণ্য ইথিওপিয়া, সৌদি আরব, দুবাই, তিউনিশিয়াসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ থেকে আমদানি করা হয়েছে। এসব পণ্যের মেয়াদ এক বছর আগেই শেষ হয়ে গেছে। দেশি এগ্রোফিড ও শিকাজু ইঞ্জিনিয়ার্স ওয়ার্কস নামে ওই হিমাগারে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য মজুতকারীদের ৩২ লাখ টাকা জরিমানা ও ১৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। তবে ওই দুইটি প্রতিষ্ঠানের মালিককে পায়নি ভ্রাম্যমাণ আদালত।

র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন, র্যাব-২ এর কোম্পানি কমান্ডার এসপি মুহাম্মদ মহিউদ্দিন                ফারুকী, প্রাণিসম্পদ অধিদপ্তরের  ডা. ফজলে রাব্বি মণ্ডল, ডা. মো. এমদাদুল হক তালুকদার, ডা. রিগ্যান মোল্ল­া, ফারহানা রিসা, ঢাকা জেলা মত্স্য অফিসার সৈয়দ মো. আলমগীরসহ একাধিক কর্মকর্তা।

অভিযানের ব্যাপারে র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, অভিযানকালে দেখা যায়, প্রায় ৮০০ মণ মেয়াদোত্তীর্ণ মাংস এখানে মজুদ করে রাখা হয়েছে। এরমধ্যে ৫০০ মণ দুম্বা ও ৩০০ মণ মহিষের মাংস। এর বাইরে ১২০০ মণ খেজুর ও ১০০ মণ কিছমিছ জব্দ করে আদালত।

জব্দকৃত মাংস খেজুর ও কিছমিছের ব্যাপারে সারোয়ার আলম বলেন, ২০১৭ সালে মেয়াদোত্তীর্ণ এই পণ্য এখানে মজুত করে রাখা হয়েছে। আর ২০০৬ সালে মেয়াদোত্তীর্ণ হওয়া শুরু করে ২০১৮ সালে মেয়াদোত্তীর্ণ খেজুর এখানে মজুত রাখা হয়েছে।

প্রাণিসম্পদ অধিদফতরের ডা. ফজলে রাব্বি মণ্ডল বলেন, ইথিওপিয়া থেকে দুম্বার মাংস আমদানি করা হয়েছে। এগুলোর মেয়াদ ২০১৮ সালের ১৭ ফেব্রুয়ারি শেষ হয়ে গেছে। মহিষের মাংস আরো দেড় বছর আগে মেয়াদ শেষ হয়ে গেছে। এছাড়া টুনা ফিশ, রূপচান্দা মাছ, চিংড়ি মাছ, আচার, চিপস, মাখনসহ আরো অনেক খাবার পণ্যগুলোর মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে।

তিনি বলেন, এসব মাংস, খেজুর ও কিছমিছ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানের আগোরা সুপার শপ ও স্বপ্ন সুপারশপগুলোতে সাপ­াই দিয়ে আসছিল তারা। আমরা আগোরা সুপার শপের মোড়ককৃত বিপুল সংখ্যক বক্স খেজুর পেয়েছি।

র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম বলেন, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি ও মজুত দণ্ডনীয় অপরাধ। এজন্য দেশ এগ্রোফিড ও শিকাজু হিমাগারকে ৩২ লাখ টাকা জরিমানা এবং এগ্রোফিডের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেনকে ২ বছরের কারাদণ্ডসহ মোট ১৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে আদালত। সেই সঙ্গে হিমাগার সিলগালা করে দেওয়া হয়েছে।