প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন বলেছেন, নারীর বিরুদ্ধে সহিংসতা একটি বৈশ্বিক সমস্যা। এটা সমাধানে কেবল আইন করলেই চলবে না, সবাইকে দায়িত্বশীল ও সচেতন হতে হবে।
শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে একটি হোটেলে 'পারিবারিক ও যৌন সহিংসতার শিকার মেয়েদের বিচার পাওয়ার অধিকার' শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
প্রধান বিচারপতি বলেন, নারীর ক্ষমতায়নে দেশ এগিয়ে যাচ্ছে। দেশের ইতিহাসের অর্ধেকেরও বেশি সময় ধরে প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেত্রী সবাই নারী। তৈরি পোশাক খাতের ৮০ ভাগ শ্রমিকও এখন নারী। তাই নারী নির্যাতন বন্ধে শিক্ষা, নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থান নিশ্চিত করতে হবে। পরিবার থেকে শুরু করে সমাজ-রাষ্ট্র সবাইকেই এ ব্যাপারে সচেতন হতে হবে।
