চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুটি আবাসিক হলে তল্লাশি চালিয়ে এক তরুণীসহ ১৮ জন ছাত্রলীগ কর্মী আটক করা হয়েছে। এ সময় আবাসিক হল থেকে একটি পাইপগান, দু’টি গুলিসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। রবিবার রাত ২টা থেকে ভোর ৪টা পর্যন্ত হাটহাজারী থানা পুলিশের সহায়তায় বিশ্ববিদ্যালয় প্রশাসন শাহ জালাল ও সোহরাওয়ার্দী হলে একযোগে এ তল্লাশি চালায়।
জানা যায়, আবাসিক সোহরাওয়ার্দী হলের গেস্টরুম থেকে এক বহিরাগত তরুণীসহ দুটি হল থেকে তল্লাশিকালে ছাত্রলীগের তিনটি গ্রুপ— ভিএক্স, সিক্সটি নাইন ও একাকারের প্রায় ১৮ জন আটক করা হয়। এসময় একটি পাইপগান ও ১০ থেকে ১২টি রামদা পাওয়া যায়। আটককৃতদের পরিচয় পাওয়া যায়নি। সহকারী প্রক্টর লিটন মিত্র ও হেলালউদ্দিন আহম্মদের উপস্থিতিতে অভিযান পরিচালনা করেন সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুম ও মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলালউদ্দিন জাহাঙ্গীর। গত দু’দিনে ছাত্রলীগের সিক্সটি নাইন গ্রুপের সঙ্গে ভিএক্স, একাকার, আরএস ও উল্কা গ্রুপের মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত হন। ক্যামপাস হঠাত্ করে অস্থিতিশীল হওয়ায় রাতেই এই অভিযান চালানো হয় । ওসি বেলালউদ্দিন জাহাঙ্গীর বলেন, এখনো মামলা হয়নি তবে প্রক্রিয়াধীন রয়েছে।
