বৃহস্পতিবার রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে তার সঙ্গে কতিপয় সরকারি কর্মকর্তা-কর্মচারীর বৈঠক নিয়ে ’স্বীকার-অস্বীকার’ বিতর্কের আবর্ত সৃষ্টি হয়েছে। বিএনপির পক্ষ থেকেই এ নিয়ে দুই প্রতিক্রিয়া প্রকাশ পেয়েছে।
এদিকে একটি সূত্র জানিয়েছে, বৈঠকে উপস্থিত হওয়ার জন্য সচিবালয়ের ৯ জন সরকারি কর্মকর্তা-কর্মচারীকে চিহ্নিত করেছে সরকারের একটি গোয়েন্দা সংস্থা। ওই ৯ কর্মকর্তা-কর্মচারী হলেন- যুগ্ম সচিব (ওএসডি) একেএম জাহাঙ্গীর হোসেন, সিনিয়র সহাকারী সচিব (ওএসডি) এহসানুল হক, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা (বর্তমানে প্রেষণে প্রধানমন্ত্রীর কার্যালয়ে) বাদিউল কবির, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা ইব্রাহীম মিয়াজী, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের নূরুল ইসলাম, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আব্দুল মান্নান ও একেএম হুমায়ুন কবীর, তথ্য মন্ত্রণালয়ের অফিস সহকারী শহীদুল হক ও এজি অফিসের কর্মচারী আব্দুল মান্নান। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কামাল আব্দুল নাসেরের কাছে গোয়েন্দা সংস্থা ওই ৯ কর্মকর্তা-কর্মচারীর বিষয়ে রিপোর্ট জমা দিয়েছে বলে জানা গেছে।
