চকবাজারে কেমিক্যাল কারখানা থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পর নারায়ণগঞ্জের টানবাজারের কেমিক্যাল ব্যবসার বর্তমান অবস্থা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এরপরই নড়েচড়ে বসেছে প্রশাসন। নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে টানবাজারের বিভিন্ন কেমিক্যাল প্রতিষ্ঠানকে জরিমানা ও ১০ দিনের মধ্যে কেমিক্যাল অন্যত্র সরিয়ে নেয়ার জন্য ব্যবসায়ীদের সময় বেঁধে দেওয়া হয়েছে।
গতকাল সোমবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের পক্ষ থেকে উক্ত ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. উজ্জল হোসেন ও মো. কামরুল হাসান মারুফ। এসময় দোকানে অতিরিক্ত দাহ্য পদার্থ ও পলিথিন মজুদ রাখায় বিসমিল্লাহ বিউটি কালার নামক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা, সালাউদ্দিন এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা এবং নাহিদ ডাইস অ্যান্ড কেমিক্যালকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালে টানবাজারের সুতা, রং ও কেমিক্যাল ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ ইয়ান মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এম সোলায়মান সেখানে উপস্থিত হয়ে ব্যবসায়ীদের পক্ষ থেকে টানবাজার থেকে সকল কেমিক্যাল সরিয়ে নেওয়ার জন্য সময় চেয়ে নেন।
এসময় তিনি বলেন, টানবাজারের যত কেমিক্যাল ব্যবসায়ী আছেন সকলের কাছে আমরা নোটিশ পাঠাবো যাতে এখান থেকে সব ধরনের কেমিক্যাল সরিয়ে নেওয়া হয়। এখানে কোনো ধরনের কেমিক্যালের গোডাউন থাকবে না। খুচরা বিক্রয়ের জন্য এখানে বিক্রেতারা কিছু সংখ্যক নমুনা তথা স্যাম্পল রাখতে পারবেন। ব্যবসায়ীদের অনুরোধে তাদেরকে ১০ দিনের সময় দিয়ে জেলা প্রশাসকের সহকারী কমিশনার মো. উজ্জল হোসেন বলেন, জেলা প্রশাসনের নির্দেশে এবং সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশনায় ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করা হয়েছে। যেখানে কেমিক্যাল স্থানান্তর করা হবে সেটি জনবহুল জায়গায় কি না বা তাতে জনস্বার্থের হানি হবে কি না সেদিকে খেয়াল রাখা হবে।
