জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির প্রেস ব্রিফিং

কলেজ পারফরমেন্স র্যাংকিং ও মডেল কলেজ প্রকল্প ঘোষণা

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ০০:২৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন অর রশিদ বলেছেন, পারফরমেন্সভিত্তিক র্যাংকিং ও মডেল কলেজ প্রকল্প কলেজসমূহের মধ্যে ইতিবাচক প্রতিযোগিতার ধারা সৃষ্টি করে শিক্ষার মান বৃদ্ধির ক্ষেত্রে প্রভাব রাখতে সক্ষম হবে। এ লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিভিন্ন প্রকল্প ও কর্মসূচি নেয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে কলেজ শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার সার্বিক উন্নয়ন ও স্ব-স্ব কলেজকে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে উন্নীতকরণের লক্ষ্যে প্রথমবারের মত ’মডেল কলেজ’ নামে একটি প্রকল্প গ্রহণ। প্রাথমিক পর্যায়ে এটি অবকাঠামোগত ও অন্যান্য দিক দিয়ে পিছিয়ে পড়া বেসরকারি কলেজের মধ্যে সীমাবদ্ধ থাকবে। 

উপাচার্য সোমবার সকালে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে কলেজ পারফরমেন্স র্যাংকিং-২০১৭ ও মডেল কলেজ প্রকল্পের রূপরেখা তুলে ধরার জন্য এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু ও অধ্যাপক ড. মোঃ মশিউর রহমান,  রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন, স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুল দপ্তরের ডিন, প্রফেসর ড. মোঃ নাসির উদ্দীন, ডিন প্রফেসর ড. মো: আনোয়ার হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান, জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের  পরিচালক মো. ফয়জুল করিম প্রমূখ।

সংবাদ সম্মেলনে ২০১৭ সালে প্রাথমিক বাছাইশেষে ১৮৯টি কলেজকে র্যাংকিংয়ের বিবেচনায় যোগ্য ঘোষণা করা হয়। এরমধ্যে জাতীয় পর্যায়ে প্রথম পাঁচটি সেরা কলেজ হচ্ছে রাজশাহী কলেজ, সরকারি ব্রজমোহন কলেজ, সরকারি আজিজুল হক কলেজ, সরকারি এডওয়ার্ড কলেজ ও কারমাইকেল কলেজ। মহিলা ক্যাটাগরিতে প্রথম সেরা তিন কলেজ নির্বাচিত হয়েছে বেসরকারি পর্যায়ে লালমাটিয়া মহিলা কলেজ, সরকারি পর্যায়ে রাজশাহী কলেজ এবং ঢাকা কমার্স কলেজ।